প্রার্থিতা ফিরে পেলেন ১০ জন
মুন্সিগঞ্জে দুটি পৌরসভায় যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া মোট ১৩ জন প্রার্থীর মধ্যে বিএনপির মেয়র প্রার্থীসহ ১০ জন আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার আপিল শুনানি শেষে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান তাঁদের মনোনয়ন বহাল রাখেন। প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রার্থীদের পক্ষে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়।
মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা হলেন মিরকাদিম পৌরসভার বিএনপির প্রার্থী শামসুর রহমান ও মুন্সিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রেজাউল ইসলাম এবং কাউন্সিলর পদে মুন্সিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মনির হোসেন, তারিক কাসেম খান, ২ নম্বর ওয়ার্ড থেকে আবদুল মান্নান, ৩ নম্বর ওয়ার্ড থেকে মো. মকবুল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন ও মাহবুবর রশীদ, ৮ নম্বর ওয়ার্ডের সাহাবুদ্দিন নিজাম, মিরকাদিম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. ইদ্রিস আহমেদ।
৫ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে পৌর কর বকেয়া, হলফনামায় মামলার তথ্য গোপনসহ মনোনয়নপত্র পূরণে নানা ত্রুটির অভিযোগে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।