প্রার্থিতা বহাল চেয়ে উচ্চ আদালতে জালালের রিট শুনানি সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন আহমদ মনোনয়ন বৈধতা চেয়ে উচ্চ আদালতে রিট করেছেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হয়। আগামী রোববার এ বিষয়ে আদেশ হওয়ার কথা। সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর আনোয়ারা উপনির্বাচনে মনোনয়ন দাখিল করা ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। স্বতন্ত্র প্রার্থীদের দাখিল করা এক শতাংশ ভোটারের স্বাক্ষর-সংবলিত তালিকায় ভোটারের ভুয়া স্বাক্ষর নেওয়া হয়েছে বলে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ চার প্রার্থীর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন আহমদ ও চট্টগ্রাম মহানগর জাপার (এরশাদ) সদস্যসচিব তপন চক্রবর্তী রিটার্নিং কর্মকর্তার কাছে এবং পরে ২৬ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল করেছেন। সেখানেও তাঁদের প্রার্থিতা বাতিল বহাল রাখা হলে জালাল উদ্দিন আহমদ গত বুধবার হাইকোর্টে রিটটি করেন।জালাল উদ্দিন আহমদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমার পক্ষে রফিক-উল হক রিট পরিচালনা করেন।’ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, রিট আবেদনের ওপর শুনানি হয়েছে। রোববার আদেশের দিন ধার্য করা হয়েছে। গত ৪ নভেম্বর এ আসনের সাংসদ আখতারুজ্জমান চৌধুরী বাবু মারা গেলে নির্বাচন কমিশন গত ৯ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও গণফোরামের প্রার্থী উজ্জ্বল ভৌমিক ছাড়া আর কোনো বৈধ প্রার্থী নেই।