ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে গতকাল বুধবার প্রার্থিতা বাছাই শেষ হয়েছে। এ সময় নয়জন প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
ছেরাজল হক আজাদ নামে একজন প্রার্থীর কাগজপত্র সঠিক না থাকায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে। গত রোববার ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বাছাই শেষে নয়জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
বৈধ প্রার্থীরা হলেন: আওয়ামী লীগ-সমর্থিত আবদুল আলিম, বিএনপি-সমর্থিত কারাগারে আটক মাহতাব উদ্দিন আহমেদ ওরফে মিনার চৌধুরী। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের নেতা মো. সেলিম, শেখ আবদুল্লাহ, হারুনুর রশিদ মজুমদার, মো. মজিবল হক, বিএনপির নেতা গোলাম রসুল মজুমদার ওরফে গোলাপ, সেলিনা আক্তার, জামাল উদ্দিন মজুমদার।
৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২১ সেপ্টেম্বর নির্বাচনের দিন ধার্য রয়েছে।
গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে, গাড়িসহ পুড়িয়ে হত্যা করেছে। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মিনার চৌধুরীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ৩২ জনকে গ্রেপ্তার করে।
গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা বিএনপি নেতা মিনার চৌধুরী, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির আদেল, জাহিদ চৌধুরী, জিয়াউল আলম মিস্টার, বেলাল হোসেন পাটোয়ারী, আবদুল্লা হিল মাহমুদ শিবলুসহ ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।