প্রার্থিতা বাতিল ও মামলায় প্রাণহীন রাঙ্গুনিয়ার নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী নুরুল আমিন তালুকদারের মনোনয়নপত্র প্রথমে বাতিল করেছিলেন আদালত। ফলে মাঠে ছিলেন কেবল আওয়ামী লীগের তিন প্রার্থী। পরে তাঁদের মধ্যেও দুজনের প্রার্থিতা বাতিল করা হয়। আদালতে গিয়েও খুব একটা লাভ হয়নি। ফলে এখন মাঠে আছেন আওয়ামী লীগের একজন প্রার্থী। আর স্থানীয় বিএনপি শেষ মুহূর্তে দলের বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়েছে। ফলে মামলা-মোকদ্দমায় অনেকটা ঝিমিয়ে পড়া রাঙ্গুনিয়ার নির্বাচনী প্রচারণায় শেষ মুহূর্তে কিছুটা চাঙাভাব ফিরে এসেছে।প্রার্থিতা বাতিল হওয়ায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী মো. শাহজাহান সিকদার ও কামরুল ইসলাম চৌধুরী নির্বাচনের দিন আজ মঙ্গলবার হরতাল ডেকেছিলেন। অবশ্য গতকাল সোমবার তাঁরা হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। পৌর নাগরিক কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন জানান, আজ ভোটের দিন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে হরতাল প্রত্যাহার করা হয়েছে।প্রার্থিতা বাতিল হওয়া বিএনপির প্রার্থী হলেন নুরুল আমিন তালুকদার। ফলে এখন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হচ্ছেন দলের উপজেলা কমিটির সভাপতি খলিলুর রহমান চৌধুরী এবং বিএনপির এমদাদুল ইসলাম। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন বিজয় কেতন বড়ুয়া। এমদাদুল দাবি করেন, ‘আওয়ামী লীগ বর্তমানে তিন ধারায় বিভক্ত। ফলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। বিএনপির পাশাপাশি তিনি আওয়ামী লীগের ভোটও পাবেন।’ তবে খলিলুর রহমান দাবি করেন, ‘আওয়ামী লীগের দুই প্রার্থী এখন নির্বাচনী মাঠে নেই। তাঁরা এখন তাঁর পক্ষে কাজ করছেন। কাজেই আমি জয়ের বিকল্প কিছু ভাবছি না।’ স্বতন্ত্র প্রার্থী বিজয় কেতন দাবি করেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনিই জিতবেন। কারণ, সাড়ে ১৯ হাজার ভোটারের ৪২ শতাংশই সংখ্যালঘু। তিনিও সংখ্যালঘু প্রার্থী।