প্রার্থিতা বাতিলের ক্ষমতা বহাল রাখছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
EC
EC

আচরণবিধি ভঙ্গের কারণে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা (আরপিও ৯১-ই ধারা) বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দলগুলোর আপত্তি ও আইন মন্ত্রণালয়ের পরামর্শে নিজেদের ক্ষমতা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান কমিশনার মো. শাহনেওয়াজ।
২০০৮ সালে ৯১-ই ধারাটি আরপিওতে অন্তর্ভুক্ত করা হয়। এতে নির্বাচনের চিরাচরিত দৃশ্যপট বদলে যায়। এই বিধির ফলে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া কমেছে। সভা-সমাবেশ ও মাইকের ব্যবহার, তোরণ নির্মাণ, দেয়াললিখন, রঙিন পোস্টার ও বিলবোর্ড সাঁটানো বন্ধ হয়েছে। কমেছে নির্বাচনের দৃশ্যমান ব্যয়।
নির্বাচনকাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাজেহাল, নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার, কালোটাকা ছড়ানো, যানবাহনের অনিয়ন্ত্রিত ব্যবহার, চাঁদা-অনুদান গ্রহণ ইত্যাদি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এতে নির্বাচনী সংঘর্ষের মতো রক্তক্ষয়ী ঘটনাও কমে এসেছে। কারণ আরপিওর এই ধারা প্রয়োগ করে নির্বাচন কমিশন যেকোনো বেয়াড়া প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে দিতে পারত।
এ ধারাটি বাতিল হলে নির্বাচন কমিশন আর কারও প্রার্থিতা বাতিল করতে পারত না।
গত ৩০ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে কোনো প্রার্থীরা প্রার্থিতা বাতিলের নিজস্ব ক্ষমতাকে অর্থহীন বলে মন্তব্য করেছিলেন। প্রার্থিতা বাতিলের ক্ষমতা বহাল থাকবে কি না, এ নিয়ে এক মাস ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছিল নির্বাচন কমিশন।