প্রার্থিতা বাতিলের ক্ষমতা বিলোপের সিদ্ধান্ত নিয়ে ভাবছে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসি
ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে নির্বাচন কমিশনের নিজস্ব ক্ষমতা বিলোপের সিদ্ধান্ত নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে। আগামী সপ্তাহে এ বিষয়ে জানানো হবে। আজ বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, ‘প্রার্থিতা বাতিল করার ক্ষমতা বিলোপের সিদ্ধান্ত নিয়ে আমরা এখনো কাজ করছি।’

২০০৮ সালে প্রার্থিতা বাতিলসংক্রান্ত ৯১-ই ধারা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে নির্বাচনের চিরাচরিত দৃশ্যপট বদলে যায়। এই বিধির ফলে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া কমেছে। সভা-সমাবেশ ও মাইকের ব্যবহার, তোরণ নির্মাণ, দেয়াললিখন, রঙিন পোস্টার ও বিলবোর্ড সাঁটানো বন্ধ হয়েছে। কমেছে নির্বাচনের দৃশ্যমান ব্যয়। নির্বাচনের কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাজেহাল, নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার, কালোটাকা ছড়ানো, যানবাহনের অনিয়ন্ত্রিত ব্যবহার, চাঁদা-অনুদান গ্রহণ ইত্যাদি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফলে নির্বাচনী সংঘর্ষের মতো রক্তক্ষয়ী ঘটনাও কমে এসেছিল। কারণ, আরপিওর এই ধারা প্রয়োগ করে নির্বাচন কমিশন যেকোনো ‘বেয়াড়া’ প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে দিতে পারত।

এ ধারাটি বাতিল হলে নির্বাচন কমিশন আর কারও প্রার্থিতা বাতিল করতে পারবে না। ফলে আচরণবিধি মানানোর ক্ষেত্রে কমিশন কার্যত কর্তৃত্ব হারাবে। নির্বাচনে চিরাচরিত বিশৃঙ্খলা আবার ফিরে আসার আশঙ্কা দেখা দেবে।

কিন্তু গত ৩১ জুলাই সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিলের নিজস্ব ক্ষমতাকে অর্থহীন বলে মন্তব্য করেন।

ওই দিন লিখিত বক্তব্যে সিইসি বলেছিলেন, ১৯৭৩ থেকে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত আরপিওতে ৯১-ই ধারা ছিল না। ২০০৮ সালের নির্বাচনে এটি অন্তর্ভুক্ত করা হলেও এর প্রয়োগ ছিল না। বস্তুত আইনটি প্রয়োগযোগ্য নয়। এর মাধ্যমে কখনো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা যাবে না। আইনের অন্যান্য ধারায় যেসব দণ্ডের কথা বলা আছে, তা আরোপের দায়িত্ব কমিশনের নয়, বিচারিক কর্মকর্তার। এ কারণে প্রায়োগিক দিক থেকে ৯১-ই ধারা অর্থহীন।