প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে দুজনের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে দুজনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা আবেদন গতকাল সোমবার খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের আবেদনের ওপর শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত কমিশন বহাল রাখে। গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে মোট আটজন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৫ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তা পাঁচজনের প্রার্থিতা বাতিল করেন। মোস্তাফিজুর রহমান ও বজলুল হক তাঁদের প্রার্থিতা (স্বতন্ত্র) বাতিল হওয়ায় গত শনিবার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আবেদন করেন। শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, আপিলকারীদের বক্তব্য শোনা হয়েছে। সবকিছু পরীক্ষা-নিরীক্ষার পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে। এ জন্য ওই দুজনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। শুনানিতে সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ এবং দুই আবেদনকারী উপস্থিত ছিলেন। গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা তিনজনের প্রার্থিতা বহাল রাখেন। তাঁরা হলেন: আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি, তাঁর চাচা স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ খান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী মোহাম্মদ আসাদুল্লাহ।