প্রার্থী, এজেন্টসহ সাতজনের জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল বুধবার নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নওয়াব-উল-আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন মেহেরপুরে কেন্দ্রের এজেন্টকে ২০ হাজার টাকা জরিমানা এবং হবিগঞ্জের মাধবপুরে পাঁচ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

কালিয়ার বেন্দারচর কেন্দ্রে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহীন আহম্মদ তাঁকে ওই অর্থদণ্ড দেন। তিনি জানান, শেখ নওয়াব-উল-আলম (মোটরসাইকেল) বিএনপি-সমর্থিত প্রার্থী আসজাদুর রহমানের (দোয়াত-কলম) বিরুদ্ধে নানা লেখাসংবলিত লিফলেট বহন করছিলেন। এ জন্য তাঁকে ওই অর্থদণ্ড দেওয়া হয়।

মেহেরপুর সদর উপজেলা পরিষদের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম রসুলের (আনারস) পিরোজপুর ইউনিয়নের সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রের এজেন্ট আজহারুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আজহারুলের বাড়ি ওই ইউনিয়নের সোনাপুর গ্রামে। বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম জানান, আজহারুল ভোটকেন্দ্রের মধ্যে ভোটারদের গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে ভোট দিতে বলছিলেন। এতে ভোটাররা কেন্দ্রে ঢুকতে ভয় পাচ্ছিলেন।

মাধবপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে পাঁচ ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জের জ্যেষ্ঠ নির্বাহী হাকিম রশিদ আহাম্মদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মাগুরা সদর উপজেলার বাহারবাড়ী গ্রামের সাইফুল ইসলাম, নওগাঁর পত্নীতলা উপজেলার আমাউর গ্রামের সানাউল হোসেন, সিলেটের বালাগঞ্জ উপজেলার খাদিমপুর গ্রামের সোলায়মান, মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া গ্রামের আলী হোসেন এবং একই গ্রামের আবদুল আওয়াল।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।