প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা দেওয়ার আহ্বান বিএনপির
পৌরসভা নির্বাচনে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা দিতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের পৌর নির্বাচন মনিটরিং টিমের আহ্বায়ক ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছিরউদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল নোমান বলেন, সারা দেশে বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীদের ওপর হামলা চলছে এবং তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। এবারের নির্বাচন সুষ্ঠুভাবে করতে দিয়ে আওয়ামী লীগকে ৫ জানুয়ারি ও সিটি করপোরেশন নির্বাচনের মতো ‘একতরফা’ নির্বাচনের ‘কলঙ্ক’ থেকে কিছুটা মুক্ত হওয়ার আহ্বান জানান নোমান।
মীর নাছির বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদও বলছেন, নয়টার মধ্যেই ভোট শেষ হয়ে যাবে। এখানে তাহলে আমাদের বলার আর কী থাকে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন গোলাম আকবর খোন্দকার। এতে অভিযোগ করা হয়, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন জাতির কাছে ওয়াদা করেছিল, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। এ কারণে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই সারা দেশে বিএনপি-মনোনীত প্রার্থী ও নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা ও বিভিন্নভাবে হয়রানি চলছে।’
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিভাগের ৩৭টি পৌরসভার কিছু চিত্র তুলে ধরা হয়।
গোলাম আকবর খোন্দকার বলেন, ‘এ নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে চাই, সরকার ও নির্বাচন কমিশন জাতির কাছে সুষ্ঠু নির্বাচনের যে ওয়াদা দিয়েছে তা কতটুকু পালন করে।’