প্রার্থী ঘোষণা নিয়ে ধাওয়া, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী ঘোষণা নিয়ে গতকাল শুক্রবার দলটির বর্ধিত সভায় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতা-কর্মীরা জানান, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল আজিজ ও জ্যেষ্ঠ সহসভাপতি আয়নাল হক তালুকদার দলীয়-সমর্থিত প্রার্থী দাবি করে এলাকায় প্রচারণা চালান। এতে নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। একক প্রার্থী ঠিক করতে গতকাল সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি এম মোজাম্মেল হকের বাড়ির বাগানে বর্ধিত সভা ডাকা হয়। বিকেল চারটায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সহসভাপতি আকরাম হোসেন। সভায় একক প্রার্থী ঠিক করতে গোপনে ভোট দেওয়ার দাবি জানান বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। কিন্তু তা উপেক্ষা করে নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের বরাত দিয়ে আবদুল আজিজকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে বর্ধিত সভার মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন এবং জেলা নেতাদের ঘেরাও করেন। তাঁদের রোষানল থেকে বাঁচতে জেলার নেতারা মোজাম্মেলের বাসভবনে আশ্রয় নেন। পরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

 এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী আয়নাল হক তালুকদার অভিযোগ করেন, তৃণমূল নেতা-কর্মীদের দাবি উপেক্ষা করে জেলার ওই নেতারা আবদুল আজিজের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে একতরফাভাবে তাঁকে প্রার্থী ঘোষণা করেন। ফলে তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওই ঘটনা ঘটান।

আয়নাল প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দলের একক প্রার্থী ঘোষণার দাবি জানান।

ঘোষিত প্রার্থী আবদুল আজিজ দাবি করেন, তিনি দলের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। দলের প্রতি ত্যাগ থাকায় দল তাঁকে সমর্থনের ঘোষণা দিয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক বলেন, দলের পরীক্ষিত নেতাকেই দলীয় সমর্থন দেওয়া হয়েছে। তা ছাড়া বিএনপির তৃণমূলে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় ভোট নেওয়া সম্ভব হয়নি।