প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে বিএনপির একক প্রার্থী বাছাইয়ের জন্য গতকাল শনিবার দলীয় কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। কিন্তু ওই সভায় প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজনের নামই কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
দলীয় সূত্র জানায়, পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী তিনজন। তাঁরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাই ও সাবেক সাধারণ সম্পাদক মজনু রহমান খন্দকার। এ অবস্থায় একক প্রার্থী বাছাই করতে গতকাল দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিশেষ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম হিলালী।
প্রার্থী চূড়ান্তের জন্য ডাকা ওই সভায় দলের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ভূঁইয়াসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হন।
গতকাল সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘চেষ্টা চালিয়েও দলীয় একক প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি। তাই দলের মনোনয়নপ্রত্যাশী তিনজনের নামই কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্র থেকে দলীয়ভাবে যাঁকে মনোনয়ন দেওয়া হবে, নেতা-কর্মীরা তাঁর পক্ষেই কাজ করবেন।’