নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট ছাড়া বাকি তিনটি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি।
পৌরসভা তিনটি হলো চাটখিল, বেগমগঞ্জের চৌমুহনী ও হাতিয়া।
এ প্রসঙ্গে বক্তব্য জানতে গতকাল মঙ্গলবার রাতে বিএনপির মনোনয়ন বোর্ডের প্রধান দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ প্রথম আলোকে বলেন, ‘দলের কেন্দ্রীয় মনোয়ন বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তৃণমূলের নেতাদের কাছে প্রার্থী মনোনয়ন কিংবা বাছাই করার কোনো সুযোগ রাখা হয়নি। বিভিন্ন পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিরা দলের মনোনয়ন লাভের আশায় ঢাকায় অবস্থান করছেন।’
দলীয় সূত্র জানায়, চৌমুহনী পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন চারজন। তাঁরা হলেন পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন ওরফে হারুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুরুল আজিম ওরফে সুমন, পৌর বিএনপির সহসভাপতি মোর্শেদ আলম ও সদস্য জুলফিকার আলী ভুট্টো।
চাটখিল পৌরসভায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজন। তাঁরা হলেন পৌর বিএনপির আহ্বায়ক ও বর্তমান মেয়র মোস্তফা কামাল, দুই যুগ্ম আহ্বায়ক দেওয়ান সামছুল আরেফিন ওরফে শামীম ও এহছানুল হক ওরফে মাসুদ।
হাতিয়া পৌরসভার মেয়র পদে মনোনয়ন চান পাঁচজন। তাঁরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান ওরফে ওয়ারেছ, উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার আবুল কালাম, ছাত্রবিষয়ক সম্পাদক আমজাদ সাত্তার, পৌর বিএনপির সহসভাপতি গিয়াস উদ্দিন ও মাদ্রাসাশিক্ষক কাজি আবদুর রহিম।
এদিকে বসুরহাটে দলের প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম প্রথম আলোকে বলেন, কামাল উদ্দিন চৌধুরী ছাড়া দলের অন্য কোনো নেতা প্রার্থী হতে আগ্রহ প্রকাশ না করায় তাঁর মনোনয়ন চূড়ান্ত করেছেন কেন্দ্রীয় নেতারা।