ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। একই অবস্থা বিএনপিরও।
আওয়ামী লীগের অন্তত সাতজন সম্ভাব্য প্রার্থী দলীয় নেতা-কর্মী এবং সাধারণ ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। দলীয় মনোনয়ন পেতে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে জানান নেতা-কর্মীরা।
মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন দাগনভূঞা পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক খান, পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহম্মদ, সহসভাপতি ও দাগনভূঞা বাজার কমিটির সভাপতি আবুল কায়েশ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও ব্যবসায়ী মো. আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল হুদা ও একরামুল হক।
বর্তমান পৌর মেয়র ওমর ফারুক খান বলেন, ‘পাঁচ বছর জনগণের জন্য কাজ করেছি। এখন জনগণের কাছে সে কাজের পরীক্ষা দিতে আগ্রহী। জনগণ কাজের মূল্যায়ন করবে। তাই দলের কাছে মনোনয়ন চাইব।’
গতবারের বিদ্রোহী প্রার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা নুরুল হুদা বলেন, ‘গত নির্বাচনে দলীয় সমর্থন ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে পরাজিত হয়েছি। এবারও দলীয় মনোনয়ন পেতে আগ্রহী।’
জানতে চাইলে সাংসদ নিজাম উদ্দিন হাজারী প্রথম আলোকে বলেন, উপজেলা ও পৌর নেতারা দলীয় ফোরামে আলোচনা করে মেয়র প্রার্থী চূড়ান্ত করবেন। সে ক্ষেত্রে তাঁরা যদি তাঁর কোনো মতামত চান, তখন তিনি বিষয়টি দেখবেন। তবে যাঁকে মনোনয়ন দিলে ভালো হবে তাঁকেই মনোনয়ন দেওয়া হবে।
তবে নির্বাচন নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রকাশ্য তৎপরতা নেই। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বলেন, নেতা-কর্মীদের একাংশ কারাগারে, একাংশ বিভিন্ন মামলা-হামলা ও নির্যাতনের ভয়ে গা ঢাকা দিয়ে রয়েছেন। দলীয় অনেক কাউন্সিলরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা গ্রেপ্তার ও হয়রানির ভয়ে তৎপরতা চালাচ্ছেন না। তারপরও আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় সিদ্ধান্তে তাঁরা নির্বাচনে যাবেন।
দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন বলেন, তিনি গতবারও মেয়র পদে নির্বাচন করেছিলেন। কারসাজি করে তাঁকে হারানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে এবারও নির্বাচন করতে আগ্রহী তিনি।
দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান বলেন, ‘দলের জন্য কাজ করতে গিয়ে মামলা-হামলাসহ নানাভাবে নির্যাতিত হয়েছি, দলের কাছে মেয়র পদে মনোনয়ন চাইব।’