প্রার্থী চূড়ান্ত হলেও মাঠে নেই বিএনপি
বরিশালে পৌরসভা নির্বাচনের জন্য মেয়র পদে বিএনপির প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। কিন্তু কেন্দ্র থেকে নির্দেশনা না পাওয়ায় বিএনপি মাঠে নেই বললেই চলে। শুধু তারা ঘরোয়াভাবে প্রচারণা চালাচ্ছে।
বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্র থেকে তাঁরা এখনো কোনো নির্দেশনা পাননি। এ কারণে তাঁরা জোরেশোরে প্রচারণা চালাতে পারছেন না। এ ছাড়া উপজেলা বিএনপির যেসব নেতা-কর্মীর নামে মামলা রয়েছে, তাঁরাও মাঠে নামতে সাহস পাচ্ছেন না।
জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ বলেন, গৌরনদী পৌরসভার জন্য পৌর বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক শাহ আলম ফকিরের নাম পাঠানো হয়েছে। এ ছাড়া মেহেন্দিগঞ্জে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও মুলাদীতে হারুন অর রশীদ একক প্রার্থী।
জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চান বলেন, বাকেরগঞ্জে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিন মোল্লা, উজিরপুরে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহীদ খান ও বানারীপাড়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মাস্টারের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে এর বাইরে আরও একটি তালিকা করা হয়েছে। সেটি প্রকাশ করা হয়নি।
এবায়দুল হক চান বলেন, গতকাল রোববার বৈঠক শেষে তিন পৌরসভার জন্য তিনজনকে মনোনীত করা হয়েছে। তাঁদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে।