
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে এখনো দলীয় প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বড় দুটি দল। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা তাকিয়ে রয়েছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। আর বিএনপি স্থানীয়ভাবে দলীয় প্রার্থী চূড়ান্ত করার চেষ্টা করছে।
তফসিল ঘোষণার আগে থেকেই ঠাকুরগাঁও পৌরসভায় শুরু হয়ে গিয়েছিল ভোটের প্রচারণা। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা বোর্ড টাঙিয়ে প্রচারণা শুরু করেন। পাশাপাশি তৃণমূল নেতা-কর্মীদের সমর্থন জোগাড়ে তখন থেকেই তাঁদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতে শুরু করেন সম্ভাব্য প্রার্থীরা। অন্যদিকে শুরুতে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা সেভাবে প্রচারণা না চালালেও তফসিল ঘোষণার পর তাঁরা জোরেশোরেই নির্বাচনের মাঠে নেমেছেন।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় পর্যায় থেকে পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেলা, উপজেলা, সংশ্লিষ্ট পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদকে নিয়ে কমিটি করে প্রতিটি পৌরসভার দলীয় প্রার্থী চূড়ান্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী নেতা-কর্মীদের কাছ থেকে আবেদন আহ্বান করে। তাঁদের গত শুক্রবারের মধ্যে আবেদন করতে বলা হয়। এতে সাড়া দিয়ে ঠাকুরগাঁও পৌরসভার বর্তমান মেয়র এস এম এ মঈন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম গোলাম ফারুক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, পৌরসভার সাবেক চেয়ারম্যান সোলায়মান আলী সরকার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক তাহমিনা মোল্লা ও পৌরসভার প্যানেল মেয়র বাবলুর রহমান শুক্রবার আবেদন করেন। পরদিন শনিবার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য মির্জা রফিকুল ইসলাম ও জেলা কমিটির সদস্য আবু জাফর শামসুদ্দিন আবেদন জমা দেন। তবে কমিটি দলের একক প্রার্থী চূড়ান্ত করতে একমত হতে পারেনি। পরে স্থানীয় কমিটি সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করে প্রার্থী চূড়ান্তের জন্য তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠায়। মির্জা রফিকুল ইসলামের আবেদনটি ফেরত নেওয়া হয়। তিনি বলেন, ‘কে বা কারা আমার নামে আবেদনটি করেছিল। পরে নির্বাচনে আগ্রহী না থাকায় আমি তা প্রত্যাহার করে নিই।’
মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী জেলা কমিটির নেতা আ স ম গোলাম ফারুক বলেন, ‘আওয়ামী লীগ দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। অন্য দলগুলোর চেয়ে এই দলে মেয়র হওয়ার মতো অনেক বেশি যোগ্য নেতা রয়েছেন। এসব নেতার মধ্য থেকে যাঁকেই মনোনয়ন দেওয়া হোক, তিনিই বিজয়ী হবেন। আমরাও তাঁর পক্ষে কাজ করব।’
জেলা যুবলীগের নেতা আবদুল মজিদ বলেন, ‘আমি সব সময় দলের প্রতি শ্রদ্ধাশীল। দলের সিদ্ধান্তই মেনে নেব।’
এ বিষয়ে প্রার্থী বাছাই কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী বলেন, ‘কেন্দ্র স্থানীয়ভাবে দলের মেয়র প্রার্থী চূড়ান্ত করার নির্দেশনা দেওয়ার পর আমরা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু কমিটির সদস্যদের মধ্যে মতভেদ দেখা দেওয়ায় প্রার্থী চূড়ান্ত করা যায়নি। দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা তাই কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে যাঁকে চূড়ান্ত করা হবে, তিনিই হবেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তবে এ জন্য আরও দু-এক দিন অপেক্ষা করতে হবে।’
এদিকে মেয়র প্রার্থী চূড়ান্ত করতে শুক্রবার মতবিনিময় সভা ডাকে বিএনপি। সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সহসভাপতি মির্জা ফয়সাল আমীন, জেলা বিএনপির তিন সহসভাপতি গোলাম সারোয়ার চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র শাহেদ কামাল চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মনোনয়ন প্রত্যাশা করে বক্তব্য দেন। পরে প্রার্থী চূড়ান্ত করতে জেলা, পৌর ও থানা বিএনপির ১৬ নেতাকে নিয়ে একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। কমিটি সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলোচনা করে বিএনপির মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে। সাবজেক্ট কমিটি শনিবার সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে আবারও আলোচনায় বসে। সে সময় শাহেদ কামাল চৌধুরী, শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, তারেক আদনান ও দেলোয়ার হোসেন নিজেদের নাম প্রত্যাহার করে নেন। এখন বিএনপির মনোনয়ন-দৌড়ে রয়েছেন চার সম্ভাব্য প্রার্থী।
সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী বলেন, দল তাঁকে মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবেন। দলের সিদ্ধান্তের বাইরে কিছু করবেন না বলে জানান তিনি।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান বলেন, ‘ঠাকুরগাঁও পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেতে নয়জন সম্ভাব্য প্রার্থী ইচ্ছা পোষণ করেছেন। প্রার্থী চূড়ান্ত করতে সাবজেক্ট কমিটি গঠনের পর পাঁচজন নাম প্রত্যাহার করে নেন। আমরা আজ-কালের মধ্যে একজনকে চূড়ান্ত করব।’