প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় দফায় দফায় সভা করেও রাঙামাটি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে পারেনি জেলা আওয়ামী লীগ ও বিএনপি। সঠিক প্রার্থী বাছাই করতে না পারলে অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন বলে দুই দলেরই জ্যেষ্ঠ নেতারা আশঙ্কা করছেন।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর জানান, এ পর্যন্ত কয়েকবার সভা হয়েছে। কিন্তু প্রার্থী বেশি হওয়ায় মনোনয়ন চূড়ান্ত করতে দেরি হচ্ছে।
রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী পাঁচজন। এঁরা হলেন সাবেক পৌর চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, রাঙামাটি পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান মহসিন ও রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি মো. আকবর হোসেন চৌধুরী।
আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান পরপর দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্ত গত পৌরসভা নির্বাচনে তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। তিনি জানান, দলের পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলের মনোনয়ন না পেলে কী করবেন—এই প্রশ্নে তিনি বলেন, আগাম বলাটা ঠিক হবে না।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, মনোনয়নপ্রত্যাশী বেশি হওয়ার কিছুটা ঝামেলা হচ্ছ। তবে শিগগিরই মনোনয়ন চূড়ান্ত করা হবে।
সাবেক পৌর কাউন্সিলর রবিউল আলম, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, সদর উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাত মো. সায়েম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াস বিএনপির মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া বর্তমান মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে কর্মীদের চাপ রয়েছে বলে নাম না প্রকাশের শর্তে কয়েকজন নেতা বলেছেন।
পৌর কাউন্সিলর বিএনপি নেতা রবিউল আলম বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এটা নিশ্চিত। দল মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।’