বান্দরবান সদর পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেবি ইসলাম। তাঁকে আগেই দলীয়ভাবে মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হয়।
তবে কেন্দ্র থেকে সিদ্ধান্ত না আসায় বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করেনি।
বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ বলেন, সদর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি সব ওয়ার্ডে কাউন্সিলর পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ১ নম্বর ওয়ার্ডে শামসুল আলম, ২ নম্বরে আব্দুস শুক্কুর, ৩ নম্বরে অজিত দাশ, ৪ নম্বরে দিলীপ বড়ুয়া, ৫ নম্বরে মংমংসিং মারমা, ৬ নম্বরে শেখর পাল, ৭ নম্বরে ইউছুপ আলী শিকদার, ৮ নম্বরে হাবিবুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে সেলিম রেজা। সংরক্ষিত ১ নম্বর নারী ওয়ার্ডে উজলা তঞ্চঙ্গ্যা ও ৩ নম্বর ওয়ার্ডে জোহরা বেগম চৌধুরী দলের হয়ে নির্বাচন করবেন।
বান্দরবান সদর পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, সদর পৌরসভায় মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ১৫ জন ও সংরক্ষিত নারী আসনে তিনজন গতকাল মনোনয়নপত্র নিয়েছেন।
বান্দরবান সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করা না হলেও কাউন্সিলর পদে প্রত্যেক ওয়ার্ডে দুজন করে প্রার্থী ঠিক করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের নির্দেশনা পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রশিদ বলেন, মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী চারজন।
এদিকে লামা পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা নববিন্দু নারায়ণ চাকমা বলেন, গতকাল মেয়র পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করলেও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন ও সাধারণ কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র নিয়েছেন।
লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল বলেন, লামা পৌরসভায় মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কাউন্সিলর পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।