প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভায় মেয়র পদে বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। গত রোববার রাতে জেলা, থানা ও পৌরসভা পর্যায়ের নেতাদের নিয়ে গঠিত সাবজেক্ট কমিটি এ প্রার্থিতা চূড়ান্ত করে। কিন্তু আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীদের একটি তালিকা কেন্দ্রীয় বাছাই কমিটির কাছে পাঠানো হলেও সেখান থেকে কোনো প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের আরেক পৌরসভা পীরগঞ্জে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।
ঠাকুরগাঁওয়ে তিনটি পৌরসভা। এগুলো হলো ঠাকুরগাঁও, পীরগঞ্জ ও রানীশংকৈল। ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে জেলা, থানা ও পৌরসভা পর্যায়ের নেতাদের নিয়ে গঠিত সাবজেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভার মেয়র প্রার্থী চূড়ান্ত করে। ঠাকুরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সহসভাপতি মির্জা ফয়সাল আমীন ও রানীশংকৈলে পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলীকে প্রার্থী করা হয়। প্রার্থী তালিকায় গতবারের বিএনপির মেয়র প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি গোলাম সারোয়ার চৌধুরীকে অপেক্ষমাণ হিসেবে রাখা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান বলেন, দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে না পারা নিয়ে গতকাল প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়। এদিকে রানীশংকৈলেও দলটি গতকাল পর্যন্ত তাদের মেয়র প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাধন বসাক, উপজেলা যুবলীগের সহসভাপতি মামুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাফিউল ইসলাম, ইসতেখারুল আলম ও প্রশান্ত বসাকের নাম দিয়ে প্রার্থী চূড়ান্ত করতে সিদ্ধান্তের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রার্থী বাছাই কমিটির সদস্য রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল রহমান বলেন, ‘কেন্দ্র স্থানীয়ভাবে দলের মেয়র প্রার্থী চূড়ান্ত করার নির্দেশনা দেওয়ার পর আমরা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু কমিটির সদস্যদের মধ্যে মতভেদ দেখা দেওয়ায় তা করা যায়নি। সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান স্থানীয়ভাবে চূড়ান্ত হওয়া প্রার্থীর বিষয়ে ভিন্নমত পোষণ করেন। তাই স্থানীয়ভাবে সম্ভাব্য সব প্রার্থীর নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র থেকে যাঁকে চূড়ান্ত করা হবে, তিনিই হবেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।’ তবে স্থানীয়ভাবে কাকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল জানতে চাইলে আওয়ামী লীগ নেতা সইদুল রহমান এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
এর আগে পীরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কশিরুল আলম, বিএনপির বর্তমান মেয়র ও পৌর কমিটির সভাপতি রাজিউর রহমান এবং সাবেক পৌর চেয়াম্যান জেলা জাতীয় পার্টির শ্রম-বিষয়ক সম্পাদক গোলাম হোসেনকে জাতীয় পার্টি তাদের দলের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।