প্রার্থী ছিলেন পুরুষ চাকরি পেলেন নারী!
সিরাজগঞ্জে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে পুরুষ প্রার্থীর রোল নম্বরে চাকরি পেয়েছেন এক নারী। ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকরি পেয়েছেন ১৭ জন। নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ আদালতে ১০টি মামলা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদ তানভীর শাকিল স্বাস্থ্য অধিদপ্তরে অনিয়ম-দুর্নীতির তদন্ত চেয়ে লিখিত আবেদন করেছেন।বিভিন্ন অভিযোগে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে গত ১ জানুয়ারি স্বাস্থ্য সহকারী পদে লিখিত ও ২৪ জানুয়ারি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের প্রার্থী আবুবক্কর সিদ্দিক (রোল নম্বর-১০৭৭৫৩) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় অংশ নেননি। কিন্তু ওই রোল নম্বরে উল্লাপাড়া উপজেলার বড়ঘোনা গ্রামের এক নারী প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ওই প্রার্থী উল্লাপাড়া উপজেলার বাসিন্দা হলেও পরে তাঁর স্থায়ী ঠিকানা দেখানো হয়েছে তাড়াশ উপজেলার দেবীপুর গ্রাম। বর্তমানে তিনি তাড়াশে কর্মরত।ওই নারীর নিয়োগ বাতিল ও প্রতিকার চেয়ে তাড়াশ উপজেলার একমাত্র প্রার্থী চাকরৌহালী গ্রামের শরিফুল ইসলাম সিভিল সার্জন বরাবর গত ২৬ জানুয়ারি আবেদন করলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই সঙ্গে আরও ১৬ প্রার্থী অনিয়ম-দুর্নীতি তদন্তের আবেদন করলেও সিভিল সার্জন কার্যালয় থেকে তা করা হয়নি। এ বিষয়ে সিভিল সার্জন নুরুল ইসলাম বলেন, রুবিনার প্রবেশপত্রের রোল নম্বর অস্পষ্ট ছিল। লিখিত পরীক্ষা নেওয়ার সময় ওই রোলের অন্য কোনো প্রার্থী পাওয়া যায়নি। সে কারণে ওই রোল নম্বরের প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হয়। তা ছাড়া উল্লাপাড়া ও তাড়াশ এলাকার দুই সাংসদের প্রত্যয়ন থাকায় তাঁর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে নারী প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রায় ২২ হাজার আবেদন ছিল। সে সময় এত আবেদন থেকে ওই আবেদন বের করা কঠিন ছিল। যে কারণে বোর্ড তাঁকেই নিয়োগ দিয়েছে।ভুয়া ঠিকানা ব্যবহারের বিষয়টি স্বীকার করে নুরুল ইসলাম জানান, বিষয়গুলো নিয়োগ কমিটির সভাপতির কাছে পাঠানো হবে। মামলাগুলো আইনগতভাবে মোকাবিলা করা হবে। সাংসদ তানভীর শাকিলের অভিযোগের কপি তিনি পেয়েছেন বলে জানান।