প্রার্থী জাপার মহাসচিব প্রচারণায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদারের পক্ষে লাঙ্গল প্রতীকের পোস্টার ঝোলানো হয়েছে। প্রতিদিনই লাঙ্গলের সমর্থনে লিফলেট বিলিসহ চলছে মাইকিং। তবে রুহুল আমীন এখনো এলাকায় গণসংযোগে আসেননি।
তাঁর পক্ষে লাঙ্গল প্রতীকে জাপার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভোট চাইছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়াসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার দুপুরে এই আসনে দুমকি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সভায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া লাঙ্গল প্রতীকের সমর্থনে ভোট চেয়ে বক্তৃতা করেন। দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে ওই সভায় জেলা আওয়ামী লীগের অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল হক তালুকদার, মো. ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর, দপ্তর সম্পাদক শৈমেন্দ্র চন্দ্র চন্দ প্রমুখ। জাতীয় পার্টির উপজেলা সভাপতি মো. সুলতান আহমেঞ্চদ হাওলাদার ওই সভায় বক্তব্য দেন।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জাফরউল্লাহ বলেন, দুই-এক দিনের মধ্যে মহাসচিব এলাকায় এসে গণসংযোগ করবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন বলেন, এই আসনে তাঁদের দলের কোনো প্রার্থী নেই। দলীয় সিদ্ধান্তে লাঙ্গল প্রতীকের পক্ষে দলীয় নেতা-কর্মীরা প্রচারণা চালাচ্ছেন।
এই আসনে রুহুল আমিন হাওলাদার ছাড়াও স্বতন্ত্র প্রার্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বিএমএ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শফিকুল ইসলাম এবং জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত প্রতিদ্বন্দ্বিতা করছেন।