তৃণমূলের ভোটে নয়, ভূমিমন্ত্রীর সিদ্ধান্তে পাবনার ঈশ্বরদীর সাত ইউনিয়ন পরিষদে (ইউপি) দলীয় চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হবে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।
গত বৃহস্পতিবার রাতে পাবনার ঈশ্বরদী শহরের আলীবর্দী খাঁ সড়কে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের বাসভবনে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটির নেতারা। বৈঠকে উপস্থিত সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, ‘আমরা বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ভূমিমন্ত্রীর সঙ্গে বৈঠক করি। বৈঠকে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান, সহসভাপতি রশিদুল্লাহ ও সাত ইউনিয়ন আওয়ামী লীগের ১৪ জন সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমরা সবাই মন্ত্রীকে বিষয়টি সমাধানের দায়িত্ব দিয়েছি। কারণ, তিনি আমাদের মুরব্বি। তিনি যাঁকে মনোনয়ন দেবেন, তিনিই হবেন চেয়ারম্যান প্রার্থী।’
বৈঠকে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের আরেক নেতা বলেন, ‘ইউনিয়ন কমিটির সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা যায়নি। ফলে জেলা কমিটির নেতা হিসেবে মন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাঁকে দায়িত্ব দিয়েছি। কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত দেননি।’
বৈঠকে উপস্থিত চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের এক নেতা বলেন, মন্ত্রী ধৈর্যের সঙ্গে তাঁদের কথা শোনেন। পরে তাঁদের উদ্দেশে মন্ত্রী বলেন, মনোনয়নের বিষয়টি জেলা কমিটি দেখবে। তিনি কোনো সিদ্ধান্ত দেবেন না।
উপজেলা আওয়ামী লীগের একজন নেতা জানান, পঞ্চম ধাপে আগামী ২৮ মে ঈশ্বরদীর সাত ইউনিয়নে ভোট হতে পারে। এ জন্য তৃণমূলের ভোটে বা ইউনিয়ন কমিটির মাধ্যমে দলীয় প্রার্থী বাছাই করে কেন্দ্রে নাম পাঠানোর কথা ছিল। কিন্তু উপজেলা বা ইউনিয়ন কমিটি প্রার্থী বাছাইয়ে তৃণমূলের কোনো ভোটের আয়োজন করেনি। তাই প্রার্থী বাছাই করা সম্ভব হয়নি।
পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, তিনিসহ ১৬ জন নেতা মনোনয়ন পেতে ইউনিয়ন কমিটিতে আবেদন করেছিলেন। কিন্তু কমিটি কয়েক দফা বৈঠক করেও একক প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। উদ্ভূত পরিস্থিতিতে প্রার্থী ঠিক করতে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ভূমিমন্ত্রীর ওপর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন ইউনিয়ন কমিটির নেতারা।