ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের দুটি অংশ পাল্টাপাল্টি দল-সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করেছে। ফলে দ্বিধাবিভক্ত জেলা আওয়ামী লীগের বিরোধ আরও প্রকট হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দ্বিধাবিভক্ত। একটি অংশের নেতৃত্ব দেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অপর অংশের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক। ১৩ ফেব্রুয়ারি দলের এক বর্ধিত সভায় প্রবাসীকল্যাণমন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেনকে দল-সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার ফরিদপুরে পাল্টা সংবাদ সমেঞ্চলন করে জেলা আওয়ামী লীগের অন্য অংশ জেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের স্ত্রী ঝর্না হাসানকে দল-সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দেয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ফরিদপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জয়নুল আবেদীন বলেন, তৃণমূল পর্যায়ের নেতাদের সমঞ্চতি নিয়ে খন্দকার মোহতেশামকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী করা হয়েছে। পক্ষান্তরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক বলেছেন, ১৩ ফেব্রুয়ারির সভায় আজ্ঞাবহ জেলা কমিটির সভাপতিকে দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে উপজেলা আওয়ামী লীগের প্রধান ভূমিকা পালন করার কথা থাকলেও ১৩ ফেব্রুয়ারির বর্ধিত সভায় যোগ দেননি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার ঝর্না হাসানের প্রার্থিতা ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিতাভ বোস। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিফা কামালউদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার মঞ্জুর আলী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্যসচিব আইভী মাসুদ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘দলীয় প্রধানের নির্দেশ পাওয়ার পর আমি সদর উপজেলার প্রার্থী মনোনয়নের জন্য উদ্যোগ নিই। কিন্তু এই উদ্যোগের কথা জানতে পেরে সভাপতি আমাকে পাশ কাটিয়ে যে বর্ধিত সভা আহ্বান করেছেন, তা বৈধ হয়নি।’
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জয়নুল আবেদীন বলেন, ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের বর্ধিত সভা হলেও ওই সভায় প্রার্থী ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। তাই তা অবৈধ নয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিতাভ বোস নিজেদের আওয়ামী লীগের মূলধারা হিসেবে দাবি করে বলেন, ১৩ ফেব্রুয়ারির আওয়ামী লীগের বর্ধিত সভা অবৈধ ও অগঠনতান্ত্রিক।
জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বলেন, বর্ধিত সভায় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা প্রার্থী নির্বাচন করেছেন। যদিও ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না। তবে সভায় কেউ হাজির না হলে দল বসে থাকতে পারে না।