ইউপি নির্বাচনের বিধি ভঙ্গ করে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নে আওয়ামী লীগ ‘দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন’ দিয়েছে। দুই উপজেলায় পৃথক বর্ধিত সভা করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বর্ধিত সভায় পঞ্চগড়-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতারা এবং শরিক দল জাতীয় পার্টির নেতারাও উপস্থিত ছিলেন।গত ৫ মে সন্ধ্যায় তানভীরুজ্জামান উচ্চবিদ্যালয়ে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় উপজেলার ১০টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করা হয়। এর আগে গত ৩ মে বোদা মহিলা মহাবিদ্যালয়ে বোদা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় উপজেলার ১০ ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করা হয়।জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম প্রথম আলোকে বলেন, বিধিমালা অনুসারে ইউপি নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হওয়ার কথা। দলীয় পরিচয়ে কোনো প্রার্থীর নির্বাচন করার সুযোগ নেই। এটা করা হলে আচরণবিধি লঙ্ঘনের শামিল হবে।বোদা উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১১ মে, প্রত্যাহার ২১ মে এবং নির্বাচন হবে ৬ জুন। দেবীগঞ্জে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৬ মে, প্রত্যাহার ২৬ মে এবং নির্বাচন ১১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।দেবীগঞ্জ উপজেলায় ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা’ হলেন: দেবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক নুর নেওয়াজ, শালডাঙ্গা ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী, চিলাহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক, পামুলী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোজাহার হোসেন, সুন্দরদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ শাহ, সোনাহার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শচীন্দ্রনাথ বর্মণ, টেপ্রীগঞ্জ ইউনিয়নে উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম রহমান, দণ্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী, দেবীডুবা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য সালাউদ্দীন ইউসুফ ও চেংঠীহাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান।বোদা উপজেলার প্রার্থীরা হলেন: বোদা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবদুল মান্নান, ঝলইশালশিরী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি সামসুজ্জোহা, ময়দানদীঘি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবদুল জব্বার, বেংহারী বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন আলাল, বড়শশী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুর হোসেন, মাড়েয়া বামনহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আনছার মোহাম্মদ রেজাউল করিম, সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাঈদ জাহাঙ্গীর, পাঁচপীর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা সম্পাদক রশিদা চৌধুরী এবং চন্দনবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।বোদা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বর্ধিত সভায় স্থানীয় সাংসদের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র চূড়ান্ত করার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নির্বাচনে দলের প্রার্থীকে জয়ী করতে সমঝোতা করে প্রত্যেক ইউনিয়নে একজন করে প্রার্থী দেওয়া হয়েছে। প্রচারণায়, পোস্টার বা ব্যানারে দলীয় পরিচয় ব্যবহার করা হবে না। দেবীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরীও স্থানীয় সাংসদের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা সাংগঠনিক সিদ্ধান্ত। নিজেদের মধ্যে যেন দ্বন্দ্ব-সংঘাত না হয়, সে জন্য বর্ধিত সভা করে এটা করা হয়েছে। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সাংসদ নুরুল ইসলাম বলেন, বর্ধিত সভায় দল-সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে বিধিমালা ভঙ্গ হওয়ার অভিযোগ ঠিক নয়।