প্রার্থী নয়, প্রতীকের দোহাই
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী নয় বরং প্রতীকের দোহাই দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চলছে। যাঁরা পরিচিত, তাঁরা নিজেদের কাজের ঘাটতি ঢাকতে আর নতুনরা নিজেদের অপরিচয়ের খামতি পূরণে প্রতীকের পক্ষে ভোট চাইছেন।
এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রিয়াজুল ইসলাম রিন্টু গতবারের নির্বাচিত পৌর মেয়র। কিন্তু বিএনপির দলীয় প্রার্থী আব্দুল হালিম এবারই প্রথম নির্বাচন করছেন। বর্তমান মেয়র রিন্টুর কাছে সংগত কারণেই পৌর বাসিন্দাদের প্রত্যাশা বেশি। অনেকেই মনে করেন, তাঁর মেয়াদকালে পৌর এলাকায় প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হয়নি। আবার অনেকের অনেক চাওয়া-পাওয়াও ছিল তাঁর প্রতি। এ কারণে তাঁর ওপর একধরনের অভিমান বা ক্ষোভও রয়েছে অনেকের মনে। আবার আব্দুল হালিমকে অনেকেই চেনেন না। এসব সমস্যার মুখে টিকে থাকার সহজ কৌশল হিসেবে তাঁরা দুজনই দলীয় প্রতীকের দোহাই দিয়ে নিজ নিজ পক্ষে ভোট প্রার্থনা করছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে লালমনিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন বর্তমান মেয়র রিন্টু। এ সময় তাঁর সঙ্গে থাকা প্রচারকর্মী শফিকুল ইসলাম বলেন, ‘আমরা ভোটারদের মান-অভিমান, ক্ষোভ প্রশমনের জন্য প্রার্থী নয়, বরং দলীয় প্রতীকের কথা বলে ভোট চাইছি। এতে ভালো সারাও পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় আছে। এ দলের মেয়র পদপ্রার্থী বিজয়ী হলে উন্নয়ন ত্বরান্বিত হওয়াসহ চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে ভোটারদের বলছি।’
সকালে ৫ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান বিএনপির মেয়র পদপ্রার্থী আব্দুল হালিম। এবারই তিনি প্রথম নেমেছেন নির্বাচনী মাঠে। পৌর এলাকার অনেকেই তাঁকে চেনেন না। তাঁর প্রচারকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন যুক্তি দিয়ে ভোট প্রার্থনা করেন। তাঁর প্রচারকর্মী জাহিদ হাসান বলেন, ‘আমরা ভোটারদের বলছি, আপনারা এর আগে একবার জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুকে এমপি বানিয়েছিলেন, আরেকবার বিএনপির মেয়র প্রার্থীকে বিজয়ী করেছিলেন, এরপর উপজেলা নির্বাচনে এ দল থেকে চেয়ারম্যান করেছেন। আমরা আশা করি এসবের ধারাবাহিকতায় ভোটাররা ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থীকেও এ পৌরসভায় জয়যুক্ত করবেন।’
একই দিন (বৃহস্পতিবার) সকালে ৩ নম্বর ওয়ার্ডের রেলওয়ে ওয়ার্লেস কলোনি, শুরকি মিল কলোনি ও রেলস্টেশন রোড এলাকায় প্রচারকাজ চালান স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ‘জগ’ প্রতীকের এস এম ওয়াহিদুল হাসান। তিনি বলেন, বড় দুই রাজনৈতিক দলের প্রচারকর্মীরা প্রার্থীর চেয়ে দলীয় প্রতীকের দিকে বেশি গুরুত্ব দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। তাঁরা কতটুকু সফল তা ভোটের পরেই জানা যাবে। তিনি আরও বলেন, ‘যদি দলীয় প্রতীক নয়, প্রার্থীর সার্বিক দিক বিবেচনা করে ভোট দেন, তাহলে আমি ভালো করার ব্যাপারে আশাবাদী।’ ওয়াহিদুল হাসান লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র।
এ পৌরসভায় মেয়র পদপ্রার্থী হিসেবে আরও আছেন হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিনুল ইসলাম, বাইসাইকেল প্রতীক নিয়ে জাতীয় পার্টির (জেপি) আব্দুর রশিদ এবং নারকেলগাছ প্রতীকে স্বতন্ত্র এ কে এম হুমায়ুন আক্তার। তাঁরাও পাড়া-মহল্লায় ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।