গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। গতকাল সোমবার শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে সমিঞ্চলিত নাগরিক কমিটির ব্যানারে এক সংবাদ সমেঞ্চলনে এ ঘোষণা দেন তিনি।
এর আগের দিন রোববার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গীর সাবেক পৌর মেয়র আজমত উল্লাহ খানকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক মাস আগেই আজমত উল্লাহ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মণ্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজউদ্দিন মিয়া ও মো. জাহাঙ্গীর আলম মেয়র প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে পোস্টার, ব্যানার, ফেস্টুন ছাপিয়ে আগাম প্রচারণা শুরু করেন।
কিন্তু জেলা আওয়ামী লীগের তরফে এই নেতাদের সঙ্গে কোনো আলোচনা না করেই আজমত উল্লাহকে প্রার্থী ঘোষণা করা হয়। এতে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। এর জের ধরে আতাউল্লাহ ও ওয়াজউদ্দিনসহ আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা জাহাঙ্গীরকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে প্রচারণা শুরু করেছেন।
গতকালের সংবাদ সমেঞ্চলনে সভাপতিত্বকারী ওয়াজউদ্দিন মিয়া বলেন, তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ আজমত উল্লাহকে কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করা ঠিক হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজামেঞ্চল হকসহ একাংশের নেতা-কর্মীরা আজমত উল্লাহকে সমর্থন দিয়েছেন। আর জাহাঙ্গীর আলমকে গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসানের অনুসারীরা সমর্থন দিয়েছেন।
আজমত উল্লাহ খান বলেন, কারও ব্যক্তিগত ক্ষোভ থাকতেই পারে। যাঁরা প্রকৃত আওয়ামী লীগ করেন, তাঁরা দলের সিদ্ধান্ত অবশ্যই মেনে নেবেন।