কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণ করতে গিয়ে বেকায়দায় পড়েছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। দলের সমর্থন পেতে দুই দলের একাধিক নেতা জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তবে এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণ করেছে জামায়াতে ইসলামী।
দুই দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা দলীয় সমর্থন পেতে তৎপর হয়ে ওঠেন। তাঁরা নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। আবার অনেকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার চিন্তাভাবনা করছেন।
দলীয় সূত্র জানায়, কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা দুলারী, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফ বাদশাহ এবং মোহামঞ্চদ হোছাইন আওয়ামী লীগের সমর্থন পেতে আগ্রহী। আর বিএনপির সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম, উপজেলা বিএনপির সহসভাপতি আবু তাহের সিকদার ও ফারুক ইকবাল।
শাপলাপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী নাগরিক কমিটি এবং শ্রমিকনেতা হাবিব উল্লাহ গ্রাম ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
জানা যায়, প্রার্থী ঠিক করতে গত রোববার উপজেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কিন্তু ওই বৈঠকে প্রার্থী নির্ধারণ করা সম্ভব হয়নি। এরপর দলের নেতারা কয়েক দফা বৈঠক করার পরও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা সিদ্ধান্ত নিতে পারেননি।
এদিকে জামায়াতে ইসলামী গত সোমবার দলের সাবেক উপজেলা আমির জাবের আহমদ চৌধুরীকে প্রার্থী নির্ধারণ করেছে।
উপজেলা জামায়াতের (দক্ষিণ) আমির মোহামঞ্চদ জাকের হোছাইন প্রথম আলোকে বলেন, জামায়াত-সমর্থিত প্রার্থী হিসেবে জাবের আহমদ চৌধুরী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম বলেন, কয়েক দিনের মধ্যে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, প্রার্থী নির্ধারণ নিয়ে কয়েক দফা বৈঠক হলেও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।