প্রার্থী নির্বাচনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী ঠিক করতে পারেনি আওয়ামী লীগের মনোনয়ন কমিটি। এ জন্য দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। কাল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ করার কথা রয়েছে। এদিকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত। ২১ জন মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত ১২ জন জমা দিয়েছেন।জেলা আওয়ামী লীগের সূত্র জানায়, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় নরসিংদীর আওয়ামী লীগ বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই পরবর্তী মেয়র পদে দল কাকে সমর্থন দেবে, এ ব্যাপারে অনেক ভেবেচিন্তে এগোচ্ছে আওয়ামী লীগ। এ জন্য নরসিংদী পৌরসভার উপনির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছে মনোনয়ন কমিটি।এ ব্যাপারে মনোনয়ন কমিটির সদস্যসচিব ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘নরসিংদীর মেয়র পদে উপনির্বাচন খুবই গুরুত্ব দিয়ে দেখছে দল। এরই মধ্যে আমরা প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছি। শনিবার দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের মনোনয়ন কমিটির সাক্ষাৎ করার কথা রয়েছে। সাক্ষাতে আমরা প্রার্থীর তথ্যের পাশাপাশি নরসিংদীর সার্বিক পরিস্থিতি তুলে ধরব। সবকিছু শুনে নেত্রীই নির্ধারণ করবেন নরসিংদী পৌর নির্বাচনে কে হচ্ছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী।’মেয়র লোকমান হোসেনের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। তাই জনগণের চাহিদা অনুযায়ী আমার বিশ্বাস, দল আমাকে সমর্থন দেবে।’বিএনপি নির্বাচনে যাবে, তবে...: নরসিংদী পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তবে বিএনপি কাকে সমর্থন দিচ্ছে, তা এখনো চূড়ান্ত হয়নি। দলীয় সিদ্ধান্তের বাইরে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, প্রয়াত সাংসদ সামসুদ্দিন আহমেদ এছাকের ছেলে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোছাব্বির আহমেদ, জেলা বিএনপির সদস্য সারোয়ার খান মনোনয়নপত্র দাখিল করেছেন।যোগাযোগ করা হলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরুদ্ধে ও সেনাবাহিনী মোতায়েনের দাবিতে আন্দোলন করা হবে। সরকার ইভিএম পদ্ধতি বাতিল ও সেনাবাহিনী মোতায়েনে রাজি হলে বিএনপি নির্বাচন করবে। অন্যথায় আমরা নিবাচন বর্জন করব।’নরসিংদী জেলা নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল অদুদ বলেন, এ পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শেষ সময় পর্যন্ত ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন এ মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। নির্বাচন কর্মকর্তা বলেন, দু-এক দিনের মধ্যে তাঁরা প্রার্থীদের নিয়ে বসবেন। সেখানে তাঁদের নির্বাচনী আচরণবিধি ও সংশ্লিষ্ট সব বিষয়ে ধারণা ও পরামর্শ দেওয়া হবে।