সমঝোতা না হওয়ায় নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগদলীয় মেয়র পদপ্রার্থী নির্বাচনের জন্য ভোটের আগে ভোট গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার গুরুদাসপুর পৌর আওয়ামী লীগ দলের একক মেয়র প্রার্থী বাছাইকে ঘিরে এই ভোটের আয়োজন করে।
শহরের চাঁচকৈড় বাজারে দলীয় কার্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠান চলে। ছিল ভোটারদের দীর্ঘ সারি, ব্যালট পেপার, প্রতীক, গোপন বুথ, ভোট গ্রহণের জন্য ছিল পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল পুলিশ। সেই সঙ্গে প্রার্থীর কর্মী-সমর্থক আর উৎসুক মানুষের ভিড়। পৌরসভার নয়টি ওয়ার্ডের (প্রতিটি ওয়ার্ডে ২১ জন করে) ২০৪ জন কাউন্সিলর ও প্রতিনিধি তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোটার (কাউন্সিলর) সাজেদুর রহমান বলেন, দলের ভেতর গণতন্ত্রের মুক্তচর্চা দলকে সুসংগঠিত করবে, বিদ্রোহী প্রার্থীর সুযোগ থাকবে না, একক প্রার্থীকে জয়ী করা সহজ হবে। তিনি এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, মেয়র প্রার্থী পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী (দেয়াল ঘড়ি), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব (ছাতা) ও আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমার সরকার (চেয়ার) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে ১৫১ ভোট পেয়ে শাহনেওয়াজ আলী দলীয় মেয়র পদপ্রার্থী নির্বাচিত হন। তাঁর নিকটতম আরিফুল ইসলাম পান ৩১ ভোট। প্রশান্ত কুমার পান ৬ ভোট। পরে পরাজিত দুই নেতা দলের স্বার্থে শাহনেওয়াজ আলীর পক্ষে একাত্ম হয়ে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।
ভোট গ্রহণের আগে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সামসুল হক শেখ প্রমুখ।
সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে একজন প্রার্থী বাছাই করে কেন্দ্রে নামের তালিকা পাঠাতে হবে। সেই প্রক্রিয়া বাস্তবায়ন করতে শুক্রবার নাটোরে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ও নাটোর সদর আসনের সাংসদ মো. শফিকুল ইসলাম শিমুলসহ ছয়জনের একটি মনোনয়ন বোর্ড দায়িত্ব পালন করে। কিন্তু সেখানে একক প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। বাধ্য হয়ে গোপন ভোটের মাধ্যমে একক প্রার্থী বাছাই করা হয়।
সাংসদ আবদুল কুদ্দুস বলেন, দলের ভেতর গণতন্ত্রচর্চা ও তৃণমূল আওয়ামী লীগের মতামতের গুরুত্ব দিতে গোপন ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে করে মেয়র পদ নিয়ে মতানৈক্যের সুযোগ না থাকে। এতে করে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সহজ হবে।