প্রার্থী নিয়ে আ.লীগে দ্বন্দ্ব হামলায় পাঁচ নেতা আহত
রাজশাহীর দুর্গাপুরে সাংসদ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে না থেকে আরেকজনের পক্ষে বৈঠক করার সময় নিজ দলের কর্মীদের হামলায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে জয়নগর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।অভিযোগ করা হচ্ছে, হামলায় গুরুতর আহত উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি কফিল উদ্দিনকে চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে দেওয়া হয়নি। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, জয়নগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থন দাবি করেন আটজন। তাঁরা হলেন, সমসের আলী, ইসরাফিল হোসেন, কফিল উদ্দিন, মকসেদ আলী, নাজিম উদ্দিন, সাইদুর রহমান, রবিউল ইসলাম ও গোলাপ আলী। শনিবার স্থানীয় সাংসদ আবদুল ওয়াদুদ সমশের আলীকে প্রার্থী হিসেবে সমর্থন দেন।সোমবার সন্ধ্যায় ব্রহ্মপুর গ্রামে কফিল উদ্দিনের বাড়িতে দলের সমর্থনবঞ্চিত সাতজন বৈঠক করে তাঁদের মধ্য থেকে ইসরাফিল হোসেনকে সমর্থন দেন।পরের দিন মঙ্গলবার রাত নয়টার দিকে ইসরাফিলের সমর্থক আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা কালীগঞ্জ বাজারে কফিল উদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে বৈঠক করছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদের উপস্থিতিতে দলের ১৫-২০ জন কর্মী ওই বৈঠকে হামলা চালিয়ে কফিল উদ্দিনকে মারধর করেন। তাঁদের বাধা দেওয়ায় আরও চার নেতাকে জখম করা হয়।কফিল উদ্দিন বলেন, সাংসদের ঘোষিত প্রার্থীকে সমর্থন না করায় তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তাঁরা সারা রাত বাড়ি ঘেরাও করে রেখে চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে দেয়নি। স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক বাড়িতে এসে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।ইসরাফিল হোসেন বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবদুল মজিদের কথামতো সাংসদ প্রার্থীর নাম ঘোষণা করেছেন। এটা মেনে নিতে না পেরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাকে সমর্থন দেয়। এর জের ধরে আবদুল মজিদের নির্দেশে এ হামলা চালানো হয়।’উপজেলার চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, প্রার্থীর নাম ঘোষণা করেছেন সাংসদ। ওই প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাজ করছেন। কফিল উদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কোনো ঘটনা ঘটেনি। দেনা-পাওনার বিষয় নিয়ে সেখানে মারামারির ঘটনা ঘটে। চেয়ারম্যান হিসেবে একটি সালিস বৈঠক করার জন্য রাত নয়টার দিকে কালীগঞ্জ বাজারে তিনি গিয়েছিলেন বলে দাবি করেন।