>

কে হচ্ছেন বিএনপির একক প্রার্থী, এ নিয়ে চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্র চলছে আলোচনার ঝড়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নের চিঠি পেয়ে শেরপুর-২ আসনে প্রার্থী হয়েছেন তিনজন। মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে বিএনপির দুজনের প্রার্থিতা টিকে গেছে। মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা প্রার্থীও বৈধতা পেতে আপিল করেছেন। ফলে এই তিনজনের মধ্যে শেষ পর্যন্ত দলীয় প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন।
নকলা ও নালিতাবাড়ী নিয়ে গঠিত শেরপুর-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের একক প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ফলে স্বস্তি ও ফুরফুরে মেজাজে দুই উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দুটি পৌরসভাসহ ২১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ২৩২। এর মধ্যে নালিতাবাড়ীতে ১ লাখ ৯৭ হাজার ৬৫৯ ও নকলায় ১ লাখ ৫১ হাজার ৫৭৩ জন ভোটার রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফাহিম চৌধুরী ও নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান রিপনকে মনোনয়নপত্র জমা দিতে চিঠি দেয় বিএনপি। মুখলেছুর রহমান ২৭ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রাণালয়ে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। গত রোববার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাইয়ে হায়দার আলী ও ফাহিম চৌধুরী মনোনয়নের বৈধতা পান। কিন্তু উপজেলা চেয়াম্যানের পদত্যাগের সম্মতির চিঠি জমা দিতে না পারায় রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। মুখলেছুর রহমান বৈধতা পেতে গত সোমবার নির্বাচন কমিশনারের কাছে আপিল করেছেন। ৮ ডিসেম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ফলে এখনো তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
হায়দার আলী দীর্ঘদিন ধরে দুই উপজেলায় বিএনপির একাংশ নিয়ে আলাদা কর্মসূচি পালন করেন। এ আসনে বিএনপির আরেকাংশের নেতা-কর্মী তাঁর বিরুদ্ধে রয়েছেন। অপর প্রার্থী হলেন ফাহিম চৌধুরী। তিনি সাবেক হুইপ ও সাংসদ মরহুম জাহেদ আলী চৌধুরীর ছেলে। ২০১০ সালের ৪ জানুয়ারি জাহেদ চৌধুরীর মৃত্যুর পর ফাহিম চৌধুরী নকলা-নালিতাবাড়ী বিএনপির নেতৃত্বে আসেন। তাঁর পক্ষে চূড়ান্ত মনোনয়ন পেতে দুই উপজেলায় বিএনপির নেতা-কর্মীরা এককাট্টা। দুই উপজেলার বিএনপির নেতা–কর্মীরা গত শুক্রবার নালিতাবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ফাহিম চৌধুরীকে একক প্রার্থী করার দাবি জানান। ফাহিম চৌধুরীকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে নেতা-কর্মীরা গণপদত্যাগের ঘোষণা দেন। বিএনপির একক প্রার্থী নিয়ে দুই উপজেলা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। কে হচ্ছেন ঐক্যফ্রন্টের একক প্রার্থী, এ নিয়ে নকলা ও নালিতাবাড়ীতে চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্র চলছে আলোচনার ঝড়।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এই আসন থেকে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে সাংসদ নির্বাচিত হন। তিনি দলীয় প্রার্থী হওয়ায় দুই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা ফুরফুরে মেজাজে রয়েছেন।
নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরল আমিন বলেন, ‘এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফাহিম চৌধুরীর কোনো বিকল্প নেই। একক প্রার্থী চূড়ান্ত না হওয়ায় আমরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। তবে কেন্দ্রীয়ভাবে দ্রুত সিদ্ধান্ত হলে আমাদের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে সুবিধা হবে।’
নালিতাবাড়ী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মতিয়া চৌধুরী এই আসনে নির্বাচন করায় আমরা গর্ববোধ করি। তিনি এলাকায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন। এ আসনে মতিয়া আপার কোনো বিকল্প নেই। মতিয়া আপাকে বিজয়ী করতে ভোটাররা উন্মুখ হয়ে আছেন।’