প্রার্থী নিয়ে বিএনপিতে তেমন তৎপরতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে গতকাল বুধবার বিএনপির কেউ ফরম নেননি। নির্বাচন নিয়ে বিএনপির কারও তৎপরতাও চোখে পড়েনি। এ অবস্থায় মনোনয়নপ্রত্যাশী নেতা-কর্মীরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, আগামী ৩০ ডিসেম্বর কুমিল্লার বরুড়া, লাকসাম, চৌদ্দগ্রাম, চান্দিনা, দাউদকান্দি ও হোমনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বিএনপিসহ অন্য কোনো দলের প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির অন্তত ছয়জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি নির্বাচনে যাবে কি না, তা নিয়ে কোনো ধরনের নির্দেশনা নেই। কেন্দ্রের নির্দেশনা পেলে প্রার্থিতা নিয়ে আলোচনা করা হবে। অন্যান্যবারের তুলনায় এবার ভালো প্রার্থীর সংকট আছে। তার ওপর রয়েছে মামলার চাপ। এদিকে ১৭ নভেম্বর নাশকতার মামলায় হাজিরা দিতে গিয়ে কুমিল্লার চান্দিনা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খানকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। দাউদকান্দি পৌরসভায় বিএনপির সমর্থন নিয়ে মেয়র প্রার্থী মো. আবদুস সাত্তার গত নির্বাচনে জয়ী হন। মাস ছয়েক আগে তিনি আওয়ামী লীগে যোগ দেন। হোমনা ও লাকসামে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে গতবার জয়ী হয়েছিলেন বিএনপি ঘরানার দুজন। বরুড়ায় বিএনপির প্রার্থী গতবারের বিজয়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারী। এবারও তিনি একক প্রার্থী। চৌদ্দগ্রামে বিএনপির কোনো ভালো প্রার্থী নেই। মামলা আতঙ্কে দলের কেউ প্রার্থী হতে চান না।
জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, কেন্দ্র থেকে কোনো ধরনের নির্দেশনা নেই। যে কারণে প্রার্থিতা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তবে দক্ষিণ কুমিল্লার মধ্যে বরুড়া, লাকসাম ও চৌদ্দগ্রাম থেকে নির্বাচন করার জন্য কিছুসংখ্যক নেতা যোগাযোগ করেছেন। জেলা কমিটি বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বরুড়ায় বর্তমান মেয়রই প্রার্থী হচ্ছেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম বলেন, ‘চান্দিনার বর্তমান মেয়র কারাগারে থাকলেও তাঁকে প্রার্থী করা হবে। আমরা তাঁর জামিনের ব্যবস্থা করছি। দাউদকান্দির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাহবুব হোসেন প্রার্থী ঠিক করবেন। হোমনায় এম কে আনোয়ারের অনুসারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মোল্লা প্রার্থী ঠিক করে জেলা কমিটিকে জানাবেন। এরপর আমরা সভা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। গ্রেপ্তার ও মামলা আতঙ্কে আছেন বহু মনোনয়নপ্রত্যাশী। এ নির্বাচনে সবার জন্য সব সুযোগ থাকতে হবে।’