প্রার্থী নিয়ে বিপাকে আ.লীগ কেন্দ্রের অপেক্ষায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর ও কালাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে গতকাল রোববার পর্যন্ত একক প্রার্থী মনোনয়ন দিতে পারেনি আওয়ামী লীগ। বিএনপি এই দুটি পৌরসভার জন্য মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করলেও এ মুহূর্তে তাঁদের নাম প্রকাশ করতে চাইছে না।
জেলা আওয়ামী লীগের নেতা-কর্মী সূত্র জানায়, সদর ও কালাই পৌরসভা নির্বাচনে নয়জন মেয়র প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ওই সব প্রার্থীর জনমত জরিপ করেছে। প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করতে গত শনিবার রাতে শহরের জেলা পরিষদের ডাক বাংলোতে মনোনয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় সাংসদদের নিয়ে এই মনোনয়ন কমিটি গঠিত হয়েছে।
জয়পুরহাট পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেতে সাতজন আবেদন করেছেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খাজা শামছুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য নন্দলাল পার্শী ও দেওয়ান মোস্তাকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও মুক্তিযোদ্ধা বদর উদ্দিন সেলিম। মনোনয়ন কমিটির সভায় মোস্তাফিজুর রহমান ও নন্দলাল পার্শী সমানসংখ্যক সমর্থন পান।
কালাই পৌরসভা নির্বাচনে মনোনয়নের জন্য আবেদন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুল আলম ও সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার। তাঁদের সমর্থনও প্রায় সমান হওয়ায় কাউকেই চূড়ান্ত করা যায়নি। এদিকে কালাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও বর্তমান কাউন্সিলর সাজ্জাদুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ব্যাপক গণসংযোগ করছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ সামছুল আলম গতকাল মুঠোফোনে বলেন, ‘আগামীকাল (আজ) সোমবার প্রার্থী চূড়ান্ত করা হবে।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, ইতিপূর্বে প্রার্থীদের ওপর করা জনমত জরিপের ফলাফল কেন্দ্রীয় কমিটিতে ৩০ নভেম্বর জমা দেওয়া হবে। কেন্দ্রীয় কমিটিই সিদ্ধান্ত নেবে, ওই দুটি পৌরসভার কে মেয়র প্রার্থী হবেন।
এদিকে জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান বলেন, জয়পুরহাট পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছেন জেলা কমিটির সহসভাপতি গোলজার হোসেন, সদস্য মমতাজ উদ্দিন মণ্ডল ও শামছুল হক। কালাই পৌরসভায় পৌর বিএনপির সহসভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তালুকদার মনোনয়ন চেয়েছেন। ইতিমধ্যে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমতি পাওয়ার পরই তাঁদের নাম ঘোষণা করা হবে।
এ ছাড়া জয়পুরহাট সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়তে জেলা সিপিবির সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামান মনোনয়নপত্র কিনেছেন। শহর জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন বলে জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতা নিশ্চিত করেছেন। হাসিবুল নাশকতার একাধিক মামলায় বর্তমানে পলাতক রয়েছেন।