খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে একাধিক প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে বিএনপি। মেয়র প্রার্থী হিসেবে নগর বিএনপির সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানকে বিএনপিসহ ১৮-দলীয় জোট সমর্থন দিয়েছে। গত রোববার বিএনপি ও ১৮-দলীয় জোট বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে নগর বিএনপির উপদেষ্টা সেকেন্দার জাফরুল্লাহ খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলমও মেয়র পদে প্রার্থী হয়েছেন। ১৪ দল নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেককে তাদের সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অনেক আগেই। জাতীয় পার্টি মেয়র প্রার্থী হিসেবে জেলা জাপার সভাপতি শফিকুল ইসলামকে সমর্থন দিয়েছে। ১৮-দলীয় জোট সূত্রে জানা গেছে, গত শনিবার বিএনপিসহ ১৮-দলীয় জোটের নেতারা মেয়র প্রার্থী চূড়ান্ত করতে দফায় দফায় বৈঠক করেন। কিন্তু মনিরুজ্জামান ও শফিকুল আলম অনড় অবস্থানে থাকায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকগুলো শেষ হয়। এ অবস্থায় দলের প্রার্থী চূড়ান্ত করতে কেন্দ্রের সহায়তা কামনা করা হয়। অবশেষে রোববার দুপুরে বিএনপি ও ১৮ দলের নেতারা দীর্ঘ বৈঠক শেষে মনিরুজ্জামানকে মেয়র প্রার্থী হিসেবে সর্বসম্মত সমর্থন দেন। এর পরপরই বিকেলে মনিরুজ্জামান তাঁর মনোনয়নপত্র জমা দেন। নগরের ৩১টি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থীকে সমর্থন দিতে ইতিমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন বোর্ডের সভা হয়েছে। দল দুটি নগরের অধিকাংশ ওয়ার্ডেই তাদের একক প্রার্থীকে সমর্থন দিয়েছে। নগর বিএনপির সভাপতি ও খুলনা সদর আসনের সাংসদ নজরুল ইসলাম বলেন, মনিরুজ্জামান দল থেকে পদত্যাগ করে মেয়র প্রার্থী হয়েছেন। তিনি নির্দলীয় ব্যানারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার বিএনপি ও ১৮ দল সভা করে সর্বসম্মতভাবে মনিরুজ্জামানকে সমর্থন দিয়েছে।