প্রার্থী নেই জাপা ও জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ছয় পৌরসভার কোনোটিতেই মেয়র পদে জাতীয় পার্টি (জাপা) ও জামায়াতে ইসলামীর প্রার্থী নেই। এসব পৌরসভায় মেয়র পদে ৭০ জন প্রার্থী প্রচার চালাচ্ছেন। এর মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগ ও বিএনপির।
খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জের ১৩ উপজেলার মধ্যে পৌরসভা আটটি। এর মধ্যে কিশোরগঞ্জ, ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদী, করিমগঞ্জ ও হোসেনপুর পৌরসভায় নির্বাচন হচ্ছে। সীমানার জটিলতার কারণে স্থগিত আছে পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন। কটিয়াদী পৌরসভায় জাপার উপজেলা কমিটির সদস্য আলাউদ্দিনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দলীয় সমর্থন পেতে চেষ্টা করবেন কি না, ঠিক নেই। এ ক্ষেত্রে জামায়াতের অবস্থান আরও নড়বড়ে।
দল দুটির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরগঞ্জে কখনোই জাপার ভিত শক্ত ছিল না। জামায়াতেরও একই হাল। তবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে মহাজোটের হয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুল হক সাংসদ নির্বাচিত হয়ে পরবর্তী সময়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হন। তাঁকে ঘিরে জেলায় নিজ দলের কিছুটা তৎপরতা বাড়লেও নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো অবস্থান হয়নি।
জামায়াতের ভৈরব উপজেলা শাখার আমির কামরুল ইসলাম বলেন, ‘সামগ্রিক অবস্থার আলোকে ভৈরব থেকে কাউকে প্রার্থী করতে পারিনি।’ কিশোরগঞ্জ জেলা কমিটির আমির আবদুস সালাম বলেন, ‘কিশোরগঞ্জ থেকে আমাদের দলের কেউ নির্বাচন করতে আগ্রহী কি না, আমার জানা নেই।’ জেলা জাপার তথ্য ও গবেষণা সম্পাদক এন কে সোহেল বলেন, দলীয়ভাবে নির্বাচন করতে হবে—এমন ধারণা ছিল না তাঁদের। এ ছাড়া তফসিল ঘোষণায় তড়িঘড়ি করায় প্রস্তুতি নেওয়াও সম্ভব হয়নি। এ কারণে প্রার্থী দেওয়া যায়নি। তবে কটিয়াদী থেকে আলাউদ্দিন নামের এক নেতা দলীয় মনোনয়ন চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে।