প্রার্থী নেই, তবু ফলাফলে ভূমিকা থাকবে দুই দলের
রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কোনো প্রার্থী নেই। তবে এ দুই দলের সমর্থনের ওপর প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারিত হবে বলে মনে করছেন স্থানীয় লোকজন।
নানিয়ারচর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন। তাঁদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত ধর্মেশ খীসা এবং দুই আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-সমর্থিত (ইউপিডিএফ) সুপন চাকমা ও জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত শক্তিমান চাকমা। এ ছাড়া নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঞ্চানন চাকমা ও বুড়িঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রণতি রঞ্জন চাকমা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত মঙ্গলবার ছিল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
বিএনপি নির্বাচনে কেন প্রার্থী দেয়নি—এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি দলটির জেলা সাধারণ সম্পাদক মো. শাহ আলম। তবে তিনি বলেন, নির্বাচনের পাঁচ থেকে সাত দিন আগে অবশ্যই কোনো একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়ে দলের নেতা-কর্মী ও সমর্থকদের ভোট দেওয়ার অনুরোধ জানানো হবে।
অন্যদিকে, সন্তু লারমান নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘প্রার্থী না দিলেও দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে যেকোনো একজন প্রার্থীকে আমরা সমর্থন জানাব।’
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীর মতে, দলের উচিত সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতির সমর্থন লাভের চেষ্টা করা। কারণ জনসংহতি সমিতি চাইবে না, তার প্রতিপক্ষ ইউপিডিএফ বা জনসংহতি সমিতির (এমএন লারমা) প্রার্থী জয়লাভ করুক। জনসংহতি সমিতির সমর্থন পাওয়া গেলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর জয়লাভ নিশ্চিত বলে তাঁদের ধারণা।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুছা মাতব্বর বলেন, দলগতভাবে এখনো সেভাবে চিন্তাভাবনা করা হচ্ছে না। তবে প্রার্থীদের জয়লাভ সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সমর্থনের ওপর অনেকখানি নির্ভর করছে বলে তিনি স্বীকার করেন।
এদিকে নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান পঞ্চানন চাকমা একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছেন। তার পরও বিএনপির অনেক নেতা-কর্মী মনে করছেন, দলের উচিত একসময়ের কর্মী হিসেবে পঞ্চাননকে সমর্থন দেওয়া।
পঞ্চানন চাকমা বলেন, ‘আমি কোনো দলের সমর্থনে নির্বাচন করছি না। যাঁরা আমাকে যোগ্য মনে করবেন, তাঁরাই ভোট দেবেন।’