প্রার্থী পরিচিতি সভায় হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হট্টগোলের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে প্রার্থীদের পরিচিতি সভা গতকাল রোববার বিকেলে শেষ হয়েছে। সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে মোট ১৪টি পদের বিপরীতে ৩৬ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরিচিতি সভায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি পদপ্রার্থী খন্দকার মাহবুব হোসেনের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল বাধে। খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্টের ওপরে সুপ্রিম কোর্ট রয়েছেন। হাইকোর্ট কোনো মামলায় আসামিকে জামিন দিচ্ছেন। ওই জামিন আদেশ আপিল বিভাগ বহাল রাখছেন। কিন্তু অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে ফ্যাক্স পাঠিয়ে সে জামিন বন্ধ করা হচ্ছে। এ ক্ষেত্রে সমিতি কোনো ভূমিকা রাখছে না।’ আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা তাঁর এ বক্তব্যের বিরোধিতা করেন। এ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে মারমুখী অবস্থার সৃষ্টি হয়। একপর্যায়ে সমিতির সম্পাদক শ ম রেজাউল করিম মাইকে আইনজীবীদের শান্ত হয়ে বসার জন্য অনুরোধ জানান। পরে জ্যেষ্ঠ আইনজীবীদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়। পুনরায় বক্তব্যে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এই নির্বাচনে আমাকে একবার সুযোগ দিন, নির্বাচিত করুন। নির্বাচিত হওয়ার পর আসুন এই সমিতিকে একটি রাজনৈতিক দল ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে নিয়ে যাই।’