প্রার্থী প্রসঙ্গ ছাপিয়ে ভোটারের ভাবনায় সুষ্ঠু নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে প্রার্থী পছন্দ-অপছন্দের প্রসঙ্গ ছাপিয়ে ভোটারদের কাছে সুষ্ঠু ভোটের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। তাঁরা চান, নির্বাচন নিরপেক্ষ হোক। পৌরসভার কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক ভোটারের সঙ্গে কথা বলে এই মতামত পাওয়া গেছে।
এবার কেমন প্রার্থীকে ভোট দেবেন—জানতে চাইলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলেজশিক্ষক কামাল হোসেন বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোট হয়নি। ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। এ জন্য এবার ভোটে যে প্রার্থীই নির্বাচিত হোন, এ নিয়ে মাথাব্যথা নেই। ভোটটা সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া দরকার।
পৌর শহরের কলেজ গেট এলাকার বাসিন্দা চায়ের দোকানি মো. লিটন বলেন, ‘সুষ্ঠু ভোট অইলেই আমরা যোগ্য প্রার্থী বাইছা নিতে পারুম। সঠিক নির্বাচন না অইলে আমাগো প্রার্থী পছন্দ-অপছন্দের দাম থাকব না।’
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষক মো. মজিবুর রহমান বলেন, ‘বিপদের দিনে যে আমাগো পাশে থাকব, হেরেই ভোট দিমু। এবার ভোট দেওনের আশা পূরণ অইব কি না, জানি না। হুনতাছি, আওয়ামী লীগের লোকেরা নাকি ১১টার মধ্যেই আমাগো ভোট দিয়া দিব।’ ৫ নম্বর ওয়ার্ডের গৃহবধূ সাহানা আক্তার বলেন, ‘ভোট যখন আইছে, কাউকে না কাউকে দিতে অইবই। ভোট দেওয়ার পরিবেশ থাকলে দিমু। নাইলে দিমু না। খবরও ভালা পাইতাছি না।’
ইউএনও ও মতলব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারহানা ইসলাম বলেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।