প্রার্থী বাছাই গাজীপুরে প্রভাব ফেলেছে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের নির্বাচন নিয়ে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ। ছবি: তৌহিদী হাসান।
গাজীপুরের নির্বাচন নিয়ে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ। ছবি: তৌহিদী হাসান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ১৪ দলের কিছু পদক্ষেপ ছিল, যেগুলো স্থানীয় পর্যায়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। হানিফ আরও বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বা ঘোষণা করার ক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা না করায় তারা ক্ষুব্ধ ছিল এবং তারা প্রথম থেকে নাগরিক কমিটির প্রার্থীকে নিয়ে নির্বাচনে নামে। এই বিরোধটা নিষ্পত্তি না করার কারণে দলের (আওয়ামী লীগ) প্রতি নেতিবাচক প্রভাব চলে আসে। আজ সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।মাহবুব উল আলম হানিফ অভিযোগ করে বলেন, গাজীপুরে জাতীয় কিছু ইস্যু কাজ করেছে। বিশেষ করে হেফাজতে ইসলামের ৫ মের সমাবেশ নিয়ে প্রচারণা, ধর্ম ও অর্থকে ব্যবহার করা হয়েছে। আওয়ামী কর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ও ক্ষোভ থাকার কারণে গাজীপুরের নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীর পরাজয় হয়েছে। হানিফ আরও বলেন, নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে না নামাতে পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে তিনি মনে করেন। সেখানে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।