প্রার্থী বাছাই নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরতলির কর্ণফুলী থানার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই ও মনোনয়ন নিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের দূরত্ব তৈরি হয়েছে। আনোয়ারা উপজেলার পাশাপাশি কর্ণফুলী থানার পাঁচটি ইউনিয়নও প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার মধ্যে পড়েছে। সেখানে দলীয় মনোনয়ন পাওয়া পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কেবল একজন প্রতিমন্ত্রীর অনুসারী।
কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, প্রার্থী বাছাই করা নিয়ে শুরু থেকেই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতপার্থক্য ছিল। তাঁর পছন্দের প্রার্থীদের নাম কেন্দ্রে না পাঠানো এবং শেষ পর্যন্ত একজন ছাড়া আর কেউ দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভে তিনি ‘পদত্যাগ’ করার কথাও ভেবেছিলেন। ঘনিষ্ঠজনদের তাঁর এই ভাবনার কথাও জানান।
অবশ্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ‘পদত্যাগ’ করার সিদ্ধান্তের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন। গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আসলে নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে আমার একটু মন খারাপ হয়েছিল। কিন্তু আমার নেত্রী মনোনয়ন দিয়েছেন। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত।’ এর বাইরে তিনি আর কিছু বলতে রাজি হননি।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কর্ণফুলী থানা এলাকায় প্রার্থী বাছাই নিয়ে জাভেদের (ভূমি প্রতিমন্ত্রী) মান-অভিমান হতে পারে। রাগ করে পদত্যাগ করবেন বলে বলেছিলেন। বাস্তব কথা হলো, জাভেদ পদত্যাগপত্র দেননি, পদত্যাগও করেননি।’
২৮ মে পঞ্চম ধাপে কর্ণফুলী থানার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পাঁচটি ইউনিয়নে প্রার্থী বাছাই নিয়ে বিরোধের কারণে গত ১৫ এপ্রিল চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য প্রতিমন্ত্রীর অনুসারীদের দায়ী করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা। কর্ণফুলীর পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ব্যক্তিদের সাক্ষাৎকারও দলীয় কার্যালয়ে হয়নি। হামলার আশঙ্কায় দলীয় কার্যালয়ের পরিবর্তে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহম্মদের লালখানবাজার এলাকার বাসায় সাক্ষাৎকার নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, জেলা কমিটি বর্তমান চেয়ারম্যানদের অগ্রাধিকার দিয়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠায়। এর সঙ্গে একমত হতে না পেরে ভূমি প্রতিমন্ত্রী পাল্টা আরেকটি তালিকা কেন্দ্রে পাঠান বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নে দিদারুল আলম, জোলদায় নুরুল হক, শিকলবাহায় আবু ছালেহ, চরলক্ষ্যায় মোহাম্মদ আলী ও চর পাথরঘাটা ইউনিয়নে ছাবের আহমেদের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠায় জেলা কমিটি। কিন্তু ভূমি প্রতিমন্ত্রী বড় উঠান ইউনিয়নে রফিক উল্লাহ, জোলদায় মোহাম্মদ আলী, শিকলবাহায় আবুল কালাম, চরলক্ষ্যায় নাজিম উদ্দিন ও চর পাথরঘাটা ইউনিয়নে ইসলাম আহমেদের নাম পৃথকভাবে কেন্দ্রে পাঠান।
দলীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা কমিটির তালিকা থেকে চারজনকে এবং প্রতিমন্ত্রীর তালিকা থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়। প্রতিমন্ত্রীর তালিকা থেকে মনোনয়ন পান শিকলবাহা ইউনিয়নের আবুল কালাম।
কর্ণফুলী থানার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে জটিলতা হয়েছে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, ‘এ ঘটনার জের ধরে জাভেদ ভাই (প্রতিমন্ত্রী) পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি ছোট বিষয়ে তাঁর পদত্যাগ করার কী আছে?’
তবে প্রতিমন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হাটে-মাঠে-ঘাটে প্রতিমন্ত্রীর পদত্যাগ করার গুজব ছড়িয়েছে একটি পক্ষ। অথচ এর কোনো ভিত্তি নেই। কী এমন ঘটেছে যে তিনি পদত্যাগ করবেন?’