প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তৃণমূল নেতাদের মতামত নেওয়ার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ। এলাকার জরিপ প্রতিবেদন আর তৃণমূলের মতামত মিলিয়ে দলীয় মনোনয়ন দেওয়া হবে। এবার নির্ধারিত সময়ের আগেই মনোনয়ন ঘোষণা করা হবে। প্রার্থী বাছাই-প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল বুধবার থেকে গণভবনে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে। দিনাজপুর, জামালপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, লালমনিরহাট, গাজীপুর ও ভোলা জেলা এবং জেলাধীন উপজেলা, থানা ও প্রথম শ্রেণীর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় অংশ নেন। পর্যায়ক্রমে অন্যান্য জেলার তৃণমূল নেতাদের গণভবনে ডাকা হবে। গতকাল বেলা সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচনা বক্তব্যের পর শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। সেখানে প্রতিটি আসনের নেতাদের একটি ফরম পূরণ করতে দেওয়া হয়। ফরমে ১০টি প্রশ্ন ছিল। তা পূরণ করে সরাসরি প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়। ফরমে সম্ভাব্য তিনজন করে প্রার্থীর নাম সুপারিশ করতে বলা হয়। প্রতিনিধিরা ১০০ নম্বর ধরে তিনজন সম্ভাব্য প্রার্থীকে নম্বর দেন। খোঁজ নিয়ে জানা যায়, ফরমে তিনজন প্রার্থীর নাম, বয়স, পেশা, শিক্ষাগত যোগ্যতা, দলে তাঁর অবস্থান, নেতা-কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, নির্যাতিত মানুষের পাশে কতটুকু থাকেন, নির্বাচনে জয়ী হওয়ার মতো জনসমর্থন এবং অর্থনৈতিক সামর্থ্য আছে কি না, অতীতে ওই প্রার্থী নির্বাচন করেছেন কি না, করে থাকলে ফলাফল কী—এই প্রশ্নগুলো ছিল।

সভায় নেতারা এলাকার সমস্যা নিয়েও কথা বলেন। তাঁরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবি তোলেন। তবে সবাই শেখ হাসিনাকে বলেন, তিনি যাঁকে মনোনয়ন দেবেন, তাঁরা ওই প্রার্থীর পক্ষে কাজ করবেন।

প্রধানমন্ত্রী তৃণমূল নেতাদের বলেন, সংবিধানের বাইরে নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার হবে। তিনি বলেন, এবার আগেভাগেই মনোনয়ন ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী দলের উন্নয়নকাজের প্রচার এবং বিরোধী দলের অপপ্রচারের জবাব দেওয়ার জন্য নেতাদের নির্দেশ দেন।

সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের সূচনা আমরাই করব: প্রধানমন্ত্রী বলেছেন, ‘গণতন্ত্রের সূচনা কাউকে না কাউকে করতে হবে। সেই সূচনাটা আমরাই করতে চাই, যাতে দেশ ও জাতিকে বারবার অনিশ্চিত অবস্থার মধ্যে পড়তে না হয়। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত ও সংবিধান সমুন্নত রেখে নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের সূচনা আমরাই করব।’

মতবিনিময় সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী সুশীল সমাজের প্রতিনিধিদের সমালোচনা করে বলেন, ‘তাদের নির্বাচন করার ক্ষমতা ও সাহস নেই। কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার ইচ্ছা আছে। যত জটিলতা এদের জন্য। গণতন্ত্র ও সাংবিধানিক প্রক্রিয়ায় দেশ চললে এদের কষ্ট লাগে। এরা তাকিয়ে থাকে, কখন অগণতান্ত্রিক শাসন আসবে। তাহলে তাদের ভাগ্যে কিছু জোটে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা গণতন্ত্রের সুরক্ষা দিতেই সংবিধান সংশোধন করেছি। নির্বাচন সংবিধান মোতাবেক হবে, সেটাই আমাদের লক্ষ্য। ২০০১ সালেও আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম। এর আগে কখনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়নি।’

শেখ হাসিনা বলেন, ‘গণতন্ত্র আসতে হবে তৃণমূল থেকে। আমরা সব সময় তৃণমূলের মতামতকে গুরুত্ব দিই। অন্য দলেরও মনোনয়নের প্রক্রিয়া এভাবেই শুরু করা উচিত। তাহলেই গণতন্ত্র শক্তিশালী হবে।’

বৈঠক সূত্র জানায়, শুরুতেই প্রধানমন্ত্রী তৃণমূল নেতাদের কোনো মন্ত্রী বা সাংসদ সম্পর্কে প্রকাশ্যে কিছু না বলার পরামর্শ দেন। তাঁদের সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা লিখিত আকারে দেওয়ার জন্য বলেন তিনি। তার পরও আকারে-ইঙ্গিতে কয়েকজন সাংসদ ও নেতা সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেন এই নেতারা।

সূত্র জানায়, ভোলা জেলা থেকে আসা নেতারা তোফায়েল আহমেদ ও ইউসুফ হোসেন হুমায়ুনের মধ্যে বৈরী সম্পর্ক নিয়ে কথা বলেন।

জামালপুর জেলার এক উপজেলার সাধারণ সম্পাদক বলেন, ‘সাংসদদের সম্পর্কে কিছু বলতে চাই না। কিছু বললে এলাকায় তাঁদের রোষানলে পড়তে হয়।’

প্রধানমন্ত্রী সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যে চিঠি পাঠিয়েছেন, তা অনুসরণ করারও পরামর্শ দেন। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তৃণমূলের প্রায় ৫০ জন নেতা এতে বক্তৃতা করেন।