প্রার্থী বাছাইয়ে চূড়ান্ত ক্ষমতা তৃণমূলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র পদে একাধিক নেতা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহী হওয়ায় নোয়াখালীর সাতটি পৌরসভার পাঁচটিতে দলীয় সমর্থিত প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়েছে তৃণমূলের নেতাদের হাতে। এ জন্য জেলা আওয়ামী লীগের চার নেতাকে আহ্বায়ক করে পৃথক চারটি বোর্ড গঠন করা হয়েছে। ওই সব বোর্ড ১৩ ডিসেম্বরের মধ্যে প্রতিটি পৌরসভার জন্য তিনজন প্রার্থীর নাম চূড়ান্ত করবে। গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।একাধিক সম্ভাব্য প্রার্থী না থাকায় একই সভায় চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী মামুনুর রশীদ ও বসুরহাট পৌরসভার মেয়র পদে সাংসদ ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জাকে দলীয় সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়।জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন প্রথম আলোকে জানান, সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া ওই বর্ধিত সভা চলে বিকেল চারটা পর্যন্ত। এ সময় জেলার সাতটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন নিয়ে জেলার নেতারা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা দলীয় নেতারা বক্তব্য দেন। সবার মতামতের ভিত্তিতে দলীয় সমর্থন চূড়ান্ত করার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করীম চৌধুরীকে নোয়াখালী পৌরসভার জন্য গঠিত মনোনয়ন বোর্ডের, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আলমকে চৌমুহনী, কবিরহাট ও হাতিয়া পৌরসভার মনোনয়ন বোর্ডের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ টি এম ইব্রাহিম সেখানকার পৌরসভার মনোনয়ন বোর্ডের এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল হক দায়িত্ব পান সেনবাগ পৌরসভার মনোনয়ন বোর্ডের আহ্বায়কের। আগ্রহী তিনজনের মধ্য থেকে দ্বিতীয় ও তৃতীয়জনের কাছ থেকে একই সঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহারের অঙ্গীকারনামাও নিয়ে রাখা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।দলীয় এসব সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করীম বলেন, মনোনয়ন নিয়ে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সে জন্য বর্ধিত সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কমিটিই চূড়ান্ত করবে, কারা নির্বাচনে দলীয় সমর্থন পাবেন। প্রয়োজনে তাঁরা ভোটাভুটির ব্যবস্থা নিতে পারবেন। কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাঁর বিরুদ্ধে আগামী ৩ জানুয়ারির পরবর্তী সভায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।