মিরসরাই উপজেলা চেয়ারম্যানের অভিযোগ
প্রার্থী বাছাইয়ে দলীয় সভানেত্রীর নির্দেশ উপেক্ষা করা হয়েছে
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মতামত না নিয়ে উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশও উপেক্ষা করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. গিয়াস উদ্দিন এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন। ২৮ জানুয়ারি দুপুরে তাঁর ব্যক্তিগত অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। গিয়াস উদ্দিন বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং এবারের নির্বাচনেও চেয়ারম্যান পদপ্রার্থী।
গিয়াস উদ্দিন বলেন, এবারের উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই করতে ২৪ জানুয়ারি উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকদের নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে তিনি (গিয়াস উদ্দিন) দলের ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের দাবি জানান।
উপজেলা কমিটির সভাপতি শেখ আতাউর রহমানের দাবি ছিল ওয়ার্ড কমিটি ছাড়াই প্রার্থী বাছাইয়ের। শেষ পর্যন্ত তৃণমূলের মতামত না নিয়েই ২৫ জানুয়ারি উপজেলা নেতারা এলাকার সাংসদ ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের কাছে যান। মোশাররফ হোসেন চট্টগ্রাম সার্কিট হাউসে মিরসরাইয়ের মাত্র নয়জন জেলা পর্যায়ের নেতার সঙ্গে আলোচনা করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে শেখ আতাউর রহমানের নাম ঘোষণা করেন। ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। গিয়াস উদ্দিন বলেন, ২৬ জানুয়ারি দলীয় সভাপতি শেখ হাসিনার পাঠানো চিঠির নির্দেশনা অনুযায়ী জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকদের ভোটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী বাছাই করার কথা। এ প্রক্রিয়ায় বাছাইয়ে তিনি হেরে গেলে প্রার্থীতা প্রত্যাহার করে নেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরুল হুদা, মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আনোয়ার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, খইয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোয়ার উদ্দীন, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন প্রমুখ।
শেখ হাসিনার চিঠি সম্পর্কে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী দিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছিল। গিয়াস উদ্দিন ও শেখ আতাউর রহমান মন্ত্রী মোশাররফ হোসেনের সিদ্ধান্ত মেনে নেবেন বলে কথা দেন।
এখন তাঁর (মন্ত্রীর) সিদ্ধান্ত অনুযায়ী আতাউর রহমানই চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।