নারায়ণগঞ্জ-৫ আসনের (শহর ও বন্দর) উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ও তাঁর স্ত্রী রওশন এরশাদের মধ্যে নতুন করে মতবিরোধ চরমে পেঁৗছেছে৷ এরশাদ চাচ্ছেন জাপার প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছোট মেয়ে আফরিন ওসমানকে প্রার্থী করতে। আর জাপার সংসদীয় দলের প্রধান রওশন এরশাদ চান বিতর্কিত ওসমান পরিবারের বাইরের কাউকে প্রার্থী করতে। এর মধ্যে তিনি তাঁর রাজনৈিতব সচিব ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম মসীহ্কে মনোনয়ন দেওয়ার প্রস্তাব করেছেন৷
জাপার দায়িত্বশীল সূত্রগুলো জানায়, নারায়ণগঞ্জের এই উপনির্বাচনে প্রার্থী ঠিক করা নিয়ে এরশাদ ও রওশনের এই মতবিরোধ দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের মধ্যেও বিভক্তির সৃষ্টি করেছে। এ কারণে আগামী ২৬ জুন অনুষ্ঠেয় এ উপনির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে গতকাল রোববার বেলা ১১টায় জাপার সংসদীয় দলের যে সভা ডাকা হয়েছিল, তা অনুষ্ঠিত হয়নি৷ দলের একটি সূত্র জানায়, রওশন এরশাদ ও তাঁর অনুসারী সাংসদেরা না আসায় সভা স্থগিত করতে হয়েছে৷
তবে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু প্রথম আলোকে বলেছেন, দলীয় সাংসদদের অনেকেই ঢাকার বাইরে থাকায় সভাটি স্থগিত করা হয়েছে৷ তিনি দাবি করেন, প্রার্থিতা নিয়ে জাপায় কোনো বিরোধ নেই। অনেকে প্রার্থী হতে চাইবেন, এটাই স্বাভাবিক। সংসদীয় দল যাঁকে মনোনয়ন দেবে, তিনিই প্রার্থী হবেন।
জাপার চেয়ারম্যানের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানায়, শুরুতে এ আসনে উপনির্বাচনে এরশাদ তাঁর ছোট ভাই ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরকে প্রার্থী করার কথা চিন্তা করেছিলেন৷ পরে তা থেকে সরে আসেন এবং নাসিম ওসমানের পরিবার থেকেই প্রার্থী দেওয়ার মনস্থির করেন৷ এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান ও ছেলে আজমেরি ওসমানের নামও আলোচনায় এসেছিল। পরে বয়সের দিক বিবেচনা করে পারভীন ওসমানের নাম বাদ দেওয়া হয়৷ আর, ত্বকী হত্যাসহ বিভিন্ন খুন-সন্ত্রাসের কারণে ব্যাপক বিতর্ক থাকায় আজমেরি ওসমানকে বাদ দিয়ে তাঁর বোনকে প্রার্থী করার ব্যাপারে মনস্থির করেন এরশাদ৷
এদিকে সর্বশেষ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় এবং তারও আগে মেধাবী ছাত্র ত্বকী হত্যাসহ বিভিন্ন ঘটনায় ওসমান পরিবারকে নিয়ে ব্যাপক বিতর্ক থাকায় এ পরিবারের কাউকে প্রার্থী করার বিপক্ষে অবস্থান নিয়েছেন রওশন এরশাদ। এ ক্ষেত্রে তাঁর পছন্দের প্রার্থী হিসেবে গোলাম মসীহ্র নাম ইতিমধ্যে এরশাদকে জানিয়ে দেওয়া হয়েছে বলে দলের দুজন কেন্দ্রীয় নেতা নিশ্চিত করেছেন। গোলাম মসীহ্ নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার বাসিন্দা।
জানতে চাইলে গোলাম মসীহ্ প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহের কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ শান্তি চায়। আশা করি, জাতীয় পার্টি শান্তির পক্ষেই থাকবে।’
রওশনসহ তাঁর অনুসারী নেতারা মনে করছেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও ওসমান পরিবারকে আলাদা করা যেমন কঠিন, তেমনি এ দুইয়ের বাইরে জাতীয় পার্টির আলাদা কোনো সত্তা বা অস্তিত্ব আছে কি না, তা নিয়েও স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন আছে।
রওশনপন্থী জাপার সভাপতিমণ্ডলীর একজন সদস্য ও সাংসদ বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ-জাপা-ওসমান পরিবার একই সূত্রে গাঁথা৷ এ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তও রাজনৈতিক কৌশল। তারা হয়তো মনে করেছে, এই সময়ে ওসমান পরিবারকে জাতীয় পার্টির ওপর চাপিয়ে দেওয়াটাই নিরাপদ।
স্থানীয় একটি সূত্র জানায়, ওসমান পরিবারের প্রভাবশালীরা চেয়েছিলেন সরাসরি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে নামতে। কিন্তু আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা উপনির্বাচন না করে মহাজোটের মিত্র জাপাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তে ওসমান পরিবারের নীতিনির্ধারকেরা হতাশ হন এবং নির্বাচন নিয়ে তাঁদের কোনো আগ্রহ নেই বলে গত দুই দিন ধরে বলাবলি করছেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের বড় ভাই নাসিম ওসমান গত ২৮ এপ্রিল মারা গেলে নারায়ণগঞ্জ-৫ আসনটি শূন্য হয়। আগামী ২৬ জুন এ আসনে উপনির্বাচন।