প্রার্থী মনোনয়নে কমিটি গঠনের মাধ্যমে গতকাল শনিবার নরসিংদী জেলা আওয়ামী লীগের সভা শেষ হয়েছে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত দলীয় কার্যালয়ে এ সভা চলে। সভায় সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এ কারণে ১১ সদস্যের মনোনয়ন কমিটি গঠন করা হয়।সভার মূল এজেন্ডা ছিল আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় নরসিংদী পৌরসভার উপনির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচন। পরে মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে লোকমান হত্যা মামলা। সভায় নরসিংদীর তিন সাংসদ নজরুল ইসলাম (বীর প্রতীক), জহিরুল হক, আনোয়ারুল আশ্রাফসহ ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।১১ সদস্যের কমিটির আহ্বায়ক হলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এস এ হাদী। সদস্যসচিব করা হয়েছে শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন ভূঁইয়াকে।আবদুল মতিন ভূঁইয়া বলেন, আগামীকাল (আজ) রোববার থেকে দলীয় ফরম দেওয়া শুরু হবে।সূত্র জানায়, সভার শুরুতে সালাহ উদ্দিন বাচ্চু ও মোন্তাজউদ্দিন ভূঁইয়ার নাম লোকমান হত্যা মামলা থেকে প্রত্যাহার করে নেওয়ার আবেদন করেন জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ ভূঁইয়া। তাঁর সঙ্গে সুর মিলিয়ে একই দাবি তোলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান ও সদস্য আসাদুজ্জামান খোকন। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান।সাংসদ জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত যার মাধ্যমে প্রয়াত লোকমান হোসেনের অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে, সেই যোগ্য প্রার্থী খুঁজে বের করা।’