প্রার্থী মনোনয়নের ক্ষমতা দিয়ে ১৮ দলের চিঠি ইসিতে
নিবন্ধিত ১৮টি রাজনৈতিক দল পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম উল্লেখ করে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বলেন, মাঠপর্যায় থেকে চূড়ান্ত তথ্য আসার পর জানা যাবে নির্বাচনে মোট কতটি দল অংশ নিচ্ছে।
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। কমিশন শুরুতে ২৩৪টি পৌরসভার তফসিল ঘোষণা করলেও পরে রাজশাহীর নওহাটা ও গাজীপুরের শ্রীপুর এতে অন্তর্ভুক্ত হয়।
পৌর নির্বাচন পরিচালনা বিধিতে বলা আছে, নির্বাচনে দল থেকে একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়া যাবে না। মেয়র প্রার্থীর মনোনয়নপত্রে রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী অথবা তাঁদের কাছ থেকে ক্ষমতা পাওয়া ব্যক্তি প্রার্থী মনোনয়ন দেবেন।
কমিশন সচিবালয় থেকে জানানো হয়, গতকাল পর্যন্ত ১৮টি দলের চিঠি তাদের দপ্তরে এসেছে। দলগুলো হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বিকল্পধারা বাংলাদেশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (জেপি), বিএনএফ, এনপিপি, পিডিপি, খেলাফত মজলিস, এলডিপি, বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তরিকত ফেডারেশন, গণফোরাম ও জাকের পার্টি। আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের ক্ষমতা দলীয় প্রধান শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এবং বিকল্পধারার ক্ষমতা দলের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে দেওয়া হয়েছে।