প্রার্থী যাচাই-বাছাই শেষ, শনিবার আপিল শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। তাতে শেষ পর্যন্ত মেয়র পদে মোট ৪২ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৯৭৯ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ২৩৫ জনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে।
মেয়র প্রার্থীদের মধ্যে ঢাকা উত্তরে ১৯ জন ও দক্ষিণে ২৩ জন। কাউন্সিলর পদে ঢাকা উত্তরের ৩৬টি ওয়ার্ডে ৪৪৬ জন বৈধ ও ৪৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ঢাকা উত্তরের ১২টি সংরক্ষিত আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১১৩ জন। অবৈধ হিসেবে বাতিল করা হয়েছে ২২ জনের মনোনয়ন।
ঢাকা দক্ষিণের ৫৭টি ওয়ার্ডে সাধারণ আসনের কাউন্সিলর পদে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৩ জন। অবৈধ হিসেবে বাতিল করা হয়েছে ১০৩ জনের মনোনয়নপত্র। ঢাকা দক্ষিণের ১৯টি সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জন। আর অবৈধ হিসেবে ৩১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই নির্বাচনের সংশ্লিষ্ট দুই রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই করে এসব প্রার্থীর প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। মামলা, খেলাপি ঋণ, বকেয়া বিল, তথ্য গোপন করা, আয়কর সনদ দিতে না পারা প্রভৃতি কারণে এঁদের প্রার্থিতা বাতিল করা হয়।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। তার পরই জানা যাবে, ২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই দুটি সিটি করপোরেশন নির্বাচনে চূড়ান্ত প্রার্থীসংখ্যা।
আদালতের নির্দেশে ১২ প্রার্থী: গত ২৯ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময় বিকেল পাঁচটার মধ্যে ঢাকার দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়েও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ তুলেছিলেন। রিটার্নিং কর্মকর্তারা বা নির্বাচন কমিশন সেই অভিযোগে কর্ণপাত না করলে এ রকম ১৩ ব্যক্তি হাইকোর্টের শরণাপন্ন হন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আদালত ওই ব্যক্তিদের মনোনয়নপত্র জমা নিয়ে গতকালই তা যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন আদালত। সে অনুযায়ী গতকাল রাত নয়টা পর্যন্ত ঢাকা উত্তরের পাঁচজন ও ঢাকা দক্ষিণের সাতজন মনোনয়নপত্র জমা দেন। তবে তখন পর্যন্ত তাঁদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়নি বলে নির্বাচন কমিশন সূত্র জানায়। এঁদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কাউন্সিলর পদে উল্লিখিত প্রার্থীসংখ্যায় পরিবর্তন হবে।
বাছাইকালে গ্রেপ্তার: আগারগাঁওয়ের স্থানীয় সরকার মিলনায়তনে গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের আগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে বলে রিটার্নিং কর্মকর্তাকে জানায় পুলিশ। এরপর তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।
সাইদুর রহমান নিজেকে ২০-দলীয় জোটের কর্মী বলে দাবি করেন। শেরেবাংলা নগর থানার ওসি (তদন্ত) সাব্বির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি ‘শক্ত প্রতিদ্বন্দ্বী’ হওয়ায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি মহল। তিনি কোনো অপরাধে জড়িত নন বলেও দাবি করেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সাইদুরের বিরুদ্ধে হত্যা মামলা ও পুলিশের ওপর আক্রমণের একটি মামলা রয়েছে। এ তথ্য হলফনামায় উল্লেখ না করায় তাঁর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। সাইদুর জানান, তাঁর বিরুদ্ধে এ রকম কোনো মামলা হওয়ার কথা তিনি জানেন না। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়নি।
মিন্টু-পিন্টুর আপিল: মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেছেন ঢাকার দুই প্রার্থী—আবদুল আউয়াল মিন্টু ও নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু। এর মধ্যে মিন্টু ঢাকা উত্তর থেকে ২০-দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী ছিলেন। পিন্টু মনোনয়নপত্র দাখিল করেছিলেন ঢাকা দক্ষিণ থেকে। গত বুধবার সংশ্লিষ্ট দুই রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাইকালে তাঁদের মনোনয়নপত্র বাতিল করেন।
মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয় তাঁর সমর্থক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার না হওয়ায়। আর পিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয় তাঁর বিরুদ্ধে থাকা মামলার তথ্যাদি যথাযথভাবে উল্লেখ না করায়। আগামীকাল শনিবার তাঁদের দুজনের আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
দক্ষিণের চিত্র: ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশিরউদ্দিন মিলনায়তনে বিপুলসংখ্যক নাগরিকের সামনে বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। যাঁদের নাম বৈধ হিসেবে ঘোষণা করা হচ্ছিল, তাঁদের সমর্থকেরা হইহুল্লোড় করে ওঠার চেষ্টা করছিলেন, আর রিটার্নিং কর্মকর্তা মাইকে ঘোষণা দিয়ে তাঁদের থামিয়ে দেন। রসিকতা করে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ একপর্যায়ে বলেন, ‘তালি দিলে গালি দিতে বাধ্য হব’।
সরেজমিন দেখা যায়, ছোটখাটো ও সংশোধনযোগ্য ভুলের ক্ষেত্রে প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকদের মঞ্চে ডেকে নিয়ে তাৎক্ষণিক সংশোধনের সুযোগ দেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল যাঁদের প্রার্থিতা বাতিল হয়, তাঁদের বেশির ভাগই ছিলেন ঋণখেলাপি বা ঋণের নিশ্চয়তা দানকারী এবং মামলার আসামি।
১৯ নম্বর ওয়ার্ডের (সিদ্ধেশ্বরী) কাউন্সিলর প্রার্থী কবিরউদ্দিন আহমেদ, মো. আবুল বাশারসহ কয়েকজনের প্রার্থিতা বাতিল করা হয় ঋণখেলাপি হওয়ায়। একই ওয়ার্ডের প্রার্থী সৈয়দ মাহমুদুল হক শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করলেও মাধ্যমিকের সনদ জমা দেননি। মাহমুদুল জানান, তাঁর সনদ হারিয়ে গেছে। সাধারণ ডায়েরি করে সেই কপি জমা দিয়েছেন। নির্বাচন কমিশন জানায়, এটা গ্রহণযোগ্য নয়।
২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী জি এম আতিকুর রহমান একটি ঋণের নিশ্চয়তা দানকারী হিসেবে খেলাপি হয়ে বাছাইয়ে বাদ পড়েন। তিনি জানান, ৩১ মার্চ তিনি ঋণ শোধ করেছেন। কিন্তু নির্বাচন কমিশন জানায়, তফসিল অনুযায়ী ২৯ মার্চ ছিল শেষ দিন, ২৮ মার্চ তাঁর ঋণ পরিশোধ হওয়ার কথা ছিল। এটা না হওয়ায় তিনি বাদ পড়লেন। একই কারণে বাদ পড়েন ওই ওয়ার্ডের আরেক প্রার্থী রেজাউল করিম। ঋণখেলাপি হওয়ায় ওই ওয়ার্ডে আরও বাদ পড়েন শফিকুল ইসলাম।
শাহজাহানপুরে সরকারি দলের প্রার্থী বাদ: ১১ নম্বর ওয়ার্ডে ১০ জন প্রার্থী কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছিলেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী তিনজনকে তা জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। আবার যে প্রার্থীর পক্ষে তাঁদের মনোনয়ন ফরম জমা দিতে দেওয়া হয়নি, তাঁর প্রার্থিতাও বাতিল করেছে নির্বাচন কমিশন। খালেদ মাহমুদ ভূঁইয়া নামে ওই প্রার্থী যুবলীগ দক্ষিণের নেতা। ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী হলেও তিনি ৪ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়।