প্রার্থী সমর্থন নিয়ে পাবনা বিএনপিতে বিভক্তি
পৌর নির্বাচনে প্রার্থী সমর্থন নিয়ে পাবনা জেলা বিএনপির কোন্দল বাড়ছে। দুই প্রার্থীর সমর্থনে দলের দুই অংশ বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। মেয়র পদপ্রার্থী হিসেবে একাংশ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও অপর অংশ সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানের নাম ঘোষণা করেছে।তফসিল ঘোষণার পর দলের দুই অংশ পৃথক অবস্থান নেয়। গত ১৭ ডিসেম্বর একাংশ বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের নাম ঘোষণা করে।অপর অংশ বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে দাবি করে, কেন্দ্রীয় নেতারা প্রার্থী পরিবর্তন করে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মেয়র কামরুল হাসানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। গত ২৮ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁরা এ বিষয়ে নিশ্চিত হন।অপরদিকে ওই দিন দুপুর তিনটায় জেলা বিএনপির অপর অংশ পাল্টা সংবাদ সম্মেলন করে দাবি করে, যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, বিএনপিতে তাঁদের কোনো অস্তিত্ব নেই। কামরুল হাসান দল থেকে বহিষ্কৃত। জেলা বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সিদ্দিকুর রহমানই জেলা বিএনপির মনোনীত প্রার্থী।এ বিষয়ে জানতে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. হারুণ অর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, এই চিঠি সঠিক। যাঁরা এটাকে ভুয়া বলছেন, তাঁরাই ভুয়া। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমেই কামরুল হাসানকে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।