প্রার্থী হওয়ার ঘোষণা ত্বকীর বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিউর রাব্বি
রফিউর রাব্বি

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সন্ত্রাসীদের হাতে নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে আগামী ২৬ জুন ভোটের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন।

ছেলে মেধাবী ছাত্র ত্বকী হত্যাকাণ্ডের জন্য প্রয়াত এই সাংসদের ছেলে আজমেরী ওসমানকে দায়ী করে আসছেন রফিউর রাব্বী।

আজ মঙ্গলবার রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অপশক্তির আন্দোলন সংগ্রাম করে আসছি। এই নির্বাচনটাকে সেই আন্দোলনের অংশ হিসেবে আমি মনে করি। এখানে সংসদে যাওয়া মুখ্য বিষয় নয়। নারায়ণগঞ্জের মানুষের মধ্যে যে আতঙ্ক ক্ষোভ বিরাজ করছে, এ থেকে পরিত্রাণের জন্য যে আন্দোলনের প্রয়োজন। এই চিন্তা থেকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নাসিম ওসমান ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় পার্টির টিকিটে সাংসদ হয়েছিলেন। নাসিম ও শামীমের বাবা এ কে এম সামসুজ্জোহা ১৯৭৩ সালে এই আসনেরই সংসদ সদস্য ছিলেন।
গত বছরের ৬ মার্চ নিখোঁজের দুই দিন পর শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের পর থেকে ত্বকীর বাবা রফিউর রাব্বি ঘটনার জন্য ওসমান পরিবারকে দায়ী করে আসছেন। ত্বকীর হত্যার পর তাঁর (রফিউর) নেতৃত্বে গঠিত সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ত্বকী হত্যার বিচারের দাবিতে সভা-সমাবেশ করে আসছে।
২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র সেলিনা হায়াত আইভীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ছিলেন তিনি।