প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা মুক্তাদিরের
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সদর) আসনে প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন বিএনপির নেতা খন্দকার আবদুল মুক্তাদির। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় নগরের জিন্দাবাজার এলাকার সিলেট জেলা প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মুক্তাদির এ ঘোষণা দেন। সভায় খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘সঠিক নেতৃত্বের অভাবে সিলেটে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। এই বন্ধ্যত্ব কাটাতে পারলে উন্নত বিশ্বের প্রথম সারির নগরের মতো সিলেটকেও সাজানো যাবে। তাই আমি সিলেটে প্রার্থী হতে চাই। দলীয় সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে আমি ইতিমধ্যে গণসংযোগে নেমেছি। আমি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই।’ সিলেটে ব্যাপক পুঁজি ও সম্ভাবনা থাকলেও শিল্পপ্রতিষ্ঠান এবং কর্মসংস্থানে সক্ষম প্রতিষ্ঠান গড়ে না ওঠায় হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘সঠিক নেতৃত্ব ও সদিচ্ছার অভাবেই সিলেটে কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না। সিলেট নগরের উন্নয়নে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা উচিত। তা না হলে কিছুদিনের ভেতরে এ নগর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।’