প্রার্থী হওয়ার পর উন্নয়ন প্রকল্পের বরাদ্দ প্রদান!
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হওয়ার পরও বগুড়ার শেরপুরে দুই ইউপি সদস্যকে উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দের টাকা দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ, এই টাকা প্রদান ও উত্তোলনের মধ্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও এবারের সদস্য প্রার্থী শাহজাহান আলী এবং সীমাবাড়ী ইউপির ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও একই পদের প্রার্থী মোছা. ইদিরন বেগম গত ২৫ মে পৃথক দুটি প্রকল্পের শেষ কিস্তির ২৫ ভাগ টাকা উত্তোলন করেন। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবদুর রশিদ এই টাকা উত্তোলনের তথ্য নিশ্চিত করেছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসাইন জানান, উপজেলার ইউপি নির্বাচনসংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয় গত ২৭ এপ্রিল। ইউপি নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারির পর উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন ও অর্থ অবমুক্তিসংক্রান্ত বিধিনিষেধ রয়েছে।যোগাযোগ করা হলে শাহজাহান আলী ও মোছা. ইদিরন বেগম বলেন, এই টাকা উত্তোলন করায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, তা তাঁদের জানা নেই। তাঁদের দাবি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে ডেকে নিয়ে তাঁদের ওই টাকা দেওয়া হয় ও তাঁদের প্রকল্পের কাজও শেষ হয়ে গেছে। সীমাবাড়ী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা ও বিশালপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা মো. শামছুজ্জামান বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পরও উন্নয়নমূলক কাজ থেকে সরকারি টাকা উত্তোলন আচরণবিধি লঙ্ঘন।পিআইও মো. রিয়াজুল ইসলাম বলেন, বিশেষ বরাদ্দ প্রকল্প কাজের টাকা প্রদানের অনুমোদন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রকল্পের কাজ দুটিই শেষ হয়েছে। প্রার্থী হওয়ায় তাঁদের টাকা প্রদান করা যাবে না এমন কোনো নির্দেশনা তাঁর কাছে নেই।ইউএনও মো. মনজুর আলম প্রধান বলেন, ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে এমন প্রকল্পের টাকা কেউ উত্তোলন করেছেন কি না, তা তাঁর জানা নেই। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।